নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | প্রিন্ট | 118 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় আলেম-ওলামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে কুমিল্লা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন আলেম-ওলামারা। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কাউতলি এলাকায় এ অবরোধ করেন তারা। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে পরায় মহাসড়কের দুইপাশে যানজট তৈরি হয়। তবে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে এবং জনদুর্ভোগ বিবেচনায় তিন ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করেন তারা।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৬ ও ২০২১ সালে পৃথক সহিংসতার ঘটনায় জেলার বিভিন্ন থানায় ৭৫টি মামলা দায়ের হয়। এসব মামলায় ৩ হাজারেরও বেশি হেফাজত ইসলামের নেতাকর্মীসহ আলেম-ওলামাদের আসামি করা হয়। এসব মামলা প্রত্যাহারের দাবিতে বুধবার মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন আলেম-ওলামারা। এর ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। সরকারের তরফ থেকে আজকের মধ্যে মামলা প্রত্যাহারের বিষয়ে সুস্পষ্ট ঘোষণা না দিলে অবরোধ চলতে থাকবে বলে জানিয়েছেন অবরোধকারীরা।
জেলা হেফাজতে ইসলামের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি জাকারিয়া ণমাধ্যমকে জানান, ৫ আগস্টের পর অনেক মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত হেফাজতে ইসলাম নেতৃবৃন্দ ও আলেম-ওলামাদের নামে রাজনৈতিক প্রতিহিংসায় করা মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে না। আজকের মধ্যে মামলাগুলো প্রত্যাহারের ঘোষণা না এলে জেলা প্রশাসক ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, অবরোধ তুলে নেওয়ার জন্য আলেম-ওলামাদের অনুরোধ করা হয়েছে। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে সমাধান করবেন।
Posted ৫:৩৪ অপরাহ্ণ | বুধবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah