সঞ্জীব ভট্টাচার্য্য : | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ | প্রিন্ট | 26 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষার হার বাড়াতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজে অনার্সের বিষয়সংখ্যা বৃদ্ধি এবং মাস্টার্স কোর্স চালুর আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
এমপি শ্যামল বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ আরও সম্প্রসারণ করতে হবে। এই কলেজে অনার্সের বিষয় বাড়ানো এবং মাস্টার্স চালু করা গেলে জেলার অসংখ্য শিক্ষার্থীর জন্য নিজ এলাকাতেই উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হান্নান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক মো. সাইফুল ইসলাম ও সহকারী অধ্যাপক সৈয়দা মারজিয়া সবনম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা, সহ-সভাপতি এ.বি.এম. মমিনুল হক, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, উপাধ্যক্ষ মিজানুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী খন্দকার নাজমুল হোসেন, শিক্ষক পরিষদের সদস্য মাজেদুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাজেদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে অনুভূতি ব্যক্ত করেন দর্শন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মুসকান ইসলাম।
উল্লেখ্য, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নে এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ৮ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের নতুন একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়েছে। ভবনটি উদ্বোধনের মাধ্যমে কলেজটির শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Posted ১২:০৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah