শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রানিং মেটকে নিয়ে সাক্ষাৎকারে আসছেন কমলা

অনলাইন ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   217 বার পঠিত

রানিং মেটকে নিয়ে সাক্ষাৎকারে আসছেন কমলা

তিন সপ্তাহ আগে, তখন সবে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা চূড়ান্ত করেছেন কমলা হ্যারিস। এর পরপরই যুক্তরাষ্ট্রের বর্তমান এই ভাইস প্রেসিডেন্টের প্রতি মুখোমুখি সাক্ষাৎকারে বসার দাবি উঠেছিল।

ডেট্রয়েট বিমানবন্দরে সাংবাদিকেরা এ বিষয়ে কমলাকে যখন জিজ্ঞেস করেছিলেন, তখন তাঁর উত্তর ছিল, ‘আমি আমার দলের সাথে কথা বলেছি। এ মাস শেষ হওয়ার আগেই আমি সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে পারব।’

আজ ২৯ আগস্ট বৃহস্পতিবার রাতে সেই জবাবকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন কমলা। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের সাংবাদিক ডানা ব্যাশের মুখোমুখি হচ্ছেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা নিশ্চিত করার পর এটাই হবে তাঁর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার।

তবে, এ সাক্ষাৎকারে কমলা একা হাজির হচ্ছেন না। সাথে থাকছেন মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ। তিনি এবারের নির্বাচনে কমলা হ্যারিসের রানিং মেট বা ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী। স্থানীয় সময় আজ রাত নয়টায় তাঁদের এ সাক্ষাৎকার সম্প্রচার করা হবে।

প্রেসিডেন্ট নির্বাচনে নিজের প্রার্থিতা নিশ্চিত করা ও নির্বাচিত হলে তাঁর এজেন্ডা কী হবে, তা নিয়ে সাক্ষাৎকারে বিস্তারিত আলোচনা করতে পারেন কমলা হ্যারিস। প্রধান কোনো দলের প্রেসিডেন্ট প্রার্থীর জন্য জনগণের সামনে মতামত তুলে ধরার এটা একটি আদর্শ প্রক্রিয়া।

তবে ওয়ালজকে সাথে নিয়ে কমলার সাক্ষাৎকারে বসার ঘটনা পুরোনো সমালোচনা উসকে দিতে পারে। দলীয় বাছাই বা প্রাইমারির দীর্ঘ সময়জুড়ে সমালোচনা ছিল, কমলা একা সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়া এড়িয়ে চলছেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের বিশেষ সহকারী ছিলেন স্কট জেনিংস। সিএনএনকে জেনিংস বলেন, ‘নিজের রানিং মেটকে সঙ্গে নিয়ে হাজির হওয়াটা অবিশ্বাস্য রকমের দুর্বলতা। এটা তাঁর (কমলার) রাজনৈতিক সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসের অভাবকে ইঙ্গিত করে।’

তবে, প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থীর একসাথে সংবাদমাধ্যমের সামনে আসার নজির এবারই প্রথম নয়।

২০০৮ সালের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট পদে লড়েছিলেন বারাক ওবামা। তাঁর রানিং মেট ছিলেন জো বাইডেন। পরবর্তী সময়ে দুজনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হন। যাহোক, ২০০৮ সালের নির্বাচনের আগে ওবামা–বাইডেন একসঙ্গে সাক্ষাৎকার দিয়েছিলেন।

এর আট বছর পর, একই দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও তাঁর রানিং মেট টিম কেইন একই কাজ করেছিলেন। ২০২০ সালের নির্বাচনের আগেও জো বাইডেন ও তাঁর রানিং মেট কমলা হ্যারিস যৌথভাবে সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন।

শুধু তা-ই নয়, এবারের নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প রানিং মেট হিসেবে জেডি ভান্সের নাম ঘোষণার এক সপ্তাহের কম সময়ের মধ্যে দুই জন ফক্স নিউজে একসাথে সাক্ষাৎকার দেন।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ছয় পায়ের কুকুর
(689 বার পঠিত)
পাত্র চাই
(504 বার পঠিত)

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া