অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 71 বার পঠিত
রাষ্ট্রপতির পদে মো. সাহাবুদ্দিনের থাকা না-থাকার প্রশ্নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। আজ ২৪ অক্টোবর বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বহুল আলোচিত রাষ্ট্রপতির পদত্যাগের বিষয় নিয়ে শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আলোচনা করা হয়। বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান গণমাধ্যমে বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের প্রশ্নে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছে। দলগুলোর সঙ্গে আলোচনা করে সমঝোতার ভিত্তিতেই বিষয়টাতে সিদ্ধান্ত নেবে সরকার। রাষ্ট্রপতিকে নিয়ে দেশজুড়ে নানা আলোচনার মধ্যে বুধবার দেশের অন্যতম প্রধান দল বিএনপির শীর্ষপর্যায়ের তিন নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে দেখা করে তাঁদের অবস্থান জানিয়েছেন। দলটি এ মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। বিএনপি মনে করে, রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah