আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 29 বার পঠিত
শিক্ষার্থীদের সাফল্যের পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান।
শুক্রবার এইচএসসি পরীক্ষা-২০২৬-এর গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও কাজী আজিম উদ্দিন ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
পরিদর্শনকালে উপাচার্য পরীক্ষাকেন্দ্রের সার্বিক পরিবেশ, পরীক্ষার্থীদের উপস্থিতি এবং পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হতে দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে পরীক্ষা-সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ এবং যেকোনো ধরনের অনিয়ম ও অসদুপায় কঠোরভাবে প্রতিরোধের নির্দেশ দেন।
উপাচার্য বলেন, শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অন্যতম অগ্রাধিকার। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্ন ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষায় অংশ নিতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গাজীপুর উপ-আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে উপাচার্য শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, সময়ের যথাযথ ব্যবহার এবং পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। অভিভাবকদের সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার্থীদের সাফল্য শুধু তাদের ব্যক্তিগত প্রচেষ্টার ওপর নির্ভর করে না; এর পেছনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah