শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মূল স্তম্ভ প্রাথমিক শিক্ষা: খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ২৫ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   45 বার পঠিত

শিক্ষার মূল স্তম্ভ প্রাথমিক শিক্ষা: খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, প্রাথমিক শিক্ষাই একটি জাতির শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এই স্তর থেকেই একজন শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চশিক্ষার ভিত গড়ে ওঠে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করছে।

শনিবার (২৫ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে অবসরপ্রাপ্ত শিক্ষক নেতা মো. মনির হোসেনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের একাধিক ভাষা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ওয়ান ট্যাব, ওয়ান টিচার’ নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

এমপি শ্যামল বলেন, মো. মনির হোসেন শুধু একজন শিক্ষক নেতা নন, তিনি একজন দক্ষ সংগঠকও। রেড ক্রিসেন্ট, স্কাউটসহ বিভিন্ন সামাজিক সংগঠনে নেতৃত্ব দিয়ে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অবসর জীবনেও তাঁর অভিজ্ঞতা সমাজ ও শিক্ষা উন্নয়নে কাজে লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন দীর্ঘ ২৭ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসরে যাওয়ায় তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

উড়শীউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক ও মৈন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল গাফফার। শুভেচ্ছা বক্তব্য দেন সদস্য সচিব ও সুহিলপুর মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এম. এ. মোমেন।

দামচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খালেদ হাসান আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাফিয়া বেগম, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচিসহ শিক্ষা, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।

বক্তারা মো. মনির হোসেনের দীর্ঘ শিক্ষকতা জীবনের কর্মনিষ্ঠা, সততা, দায়িত্বশীলতা ও সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেন। পরে সহকর্মীদের পক্ষ থেকে তাঁর হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মো. মনির হোসেন শিক্ষকতা জীবনের শেষ কর্মস্থল হিসেবে পৌর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে শিক্ষক সমাজে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

Facebook Comments Box

Posted ১:৪২ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া