সঞ্জীব ভট্টাচার্য্য : | সোমবার, ০৬ জুলাই ২০২৬ | প্রিন্ট | 63 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত কোনো বাধা নেই। তিনি দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করে জামিন চাইতে পারবেন এবং প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম চলবে।
সোমবার (৬ জুলাই) সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘শেখ হাসিনা ফিরবেন, আদালতে সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন। আমাদের ফৌজদারি কার্যবিধি (সিআরপিসি) অনুযায়ী পরবর্তী আইনি প্রক্রিয়া যেভাবে হওয়ার, সেভাবেই হবে।’
বিরোধী দলের ছায়ামন্ত্রীসভা গঠনের উদ্যোগ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের রাজনৈতিক চর্চা রয়েছে।
তিনি বলেন, ‘আমরা এ উদ্যোগকে স্বাগত জানাই। তারা যদি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করে, গঠনমূলক সমালোচনা করে এবং কোথায় কী ভুলভ্রান্তি রয়েছে সে বিষয়ে ইতিবাচক পরামর্শ দেয়, তাহলে সেটি অবশ্যই গণতান্ত্রিক চর্চার জন্য ইতিবাচক হবে।’
এর আগে সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রুমিন ফারহানা।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পল্লী উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী আকাস দত্ত।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিভিন্ন অংশীজনের মধ্যে গাছের চারা ও সনদপত্র বিতরণ করেন।
Posted ১২:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah