জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শনিবার, ২১ জুন ২০২৫ | প্রিন্ট | 110 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে চিকিৎসক দম্পতির বাড়িতে দূর্ধর্ষ ডাকাতি ঘটনা ঘটেছে। ডাকাত দল দম্পতিকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। আজ ২১ জুন শনিবার ভোর রাত তিনটায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের আনসার টেপিরবাড়ী বাজারের (পশ্চিমে) চিকিৎসক মোর্শেদুল হক শরীফের বাড়ীতে ডাকাতির এ ঘটনা ঘটে।
চিকিৎসক মোর্শেদুল হক শরীফ জানান, রাত ৩টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত মই দিয়ে দোতলার বারান্দায় উঠে। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র এবং মুখ গামছা দিয়ে বাঁধা ছিল।
ডাকাতেরা বারান্দার দরজা দিয়ে ঘরে প্রবেশ করে গৃহকর্তাকে ঘুম থেকে ডেকে তুলে তার মাথা কাঁথা দিয়ে ঢেকে হাত-পা বেঁধে ফেলে। এসময় তার স্ত্রী গাইনী চিকিৎসককেও অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে মুঠোফোন এবং আলমিরা ও ওয়ারড্রপের চাবি নিয়ে নেয়। পরে ডাকাতেরা ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ দেড় লাখ টাকা এবং ১২ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতেরা ওই বাড়িতে প্রায় আধা ঘন্টা অবস্থান করে ডাকাতি করে চলে যায়। যাওয়ার সময় তারা পুলিশ এবং গণমাধ্যম কর্মীদেরকে ঘটনাটি জানাতে নিষেধ করে হুমকি দিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ মাধ্যমে খবর পেয়ে রাতেই পুলিশ চিকিৎসক দম্পতির বাড়ি পরিদর্শন করেছে। তাদেরকে থানায় লিখিত অভিযোগ দেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ২১ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah