নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 111 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা চুরির ঘটনায় দু’দল গ্রামবাসীর দু’দফা সংঘর্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ৪০জন আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে ও আজ ৮ এপ্রিল মঙ্গলবার সকালে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামে এই সংঘর্ষেও ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত ৪ দিন আগে তেরকান্দা গ্রামের বারেকের গোষ্ঠীর শাহারুলের একটি সিএনজিচালিত অটোরিক্সা চুরি হয়। অটোরিক্সার মালিক শাহারুলের দাবি গ্রামের চান্দের গোষ্ঠীর আমির আলীর লোকজন অটোরিক্সাটি চুরি করেছে। বিষয়টি আমির আলী অস্বীকার এবং প্রতিবাদ করে। এ নিয়ে সোমবার সন্ধ্যায় আমির আলীর সাথে শাহারুলের কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতির ঘটনা ঘটে।
এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আজ ৮ এপ্রিল সকাল ৭টায় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে পুনরায় সংঘর্ষে লিপ্ত হয়।
৩ ঘন্টাব্যাপী সংঘর্ষে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল হাসানসহ উভয়পক্ষের কমপক্ষে ৪০ জন আহত হয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটতরাজ করে দাঙ্গাবাজরা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌছে সকাল ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ সময় ঘটনাস্থল থেকে ৪ দাঙ্গাবাজকে আটক করা হয়।
এ ব্যাপারে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, গ্রামের চান্দের গোষ্ঠী ও বারেকের গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ও ইউএনওসহ ৩০/৪০জন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রনে আছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থল থেকে ৪জনকে আটক করা হয়েছে।
Posted ৪:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah