অনলাইন ডেস্ক | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 105 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। আজ ১৫ মার্চ শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে শ্রীপুরের মাওনা চৌরাস্তা থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা যাত্রী নিয়ে কালিয়াকৈরের উদ্দেশে রওনা দেয়।
পথে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের নামাশুলাই এলাকায় এলে বিপরীতমুখী ইটভর্তি একটি ট্রাকের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সার সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিক্সা চালক ও দুই বৃদ্ধ-বৃদ্ধা নিহত হন। গুরুতর আহত হন একজন। কালিয়াকৈর থানার এসআই কামরুল হাসান সময় সংবাদকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ট্রাক-অটোরিক্সা সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Posted ৫:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah