অনলাইন ডেস্ক | রবিবার, ০১ জুন ২০২৫ | প্রিন্ট | 198 বার পঠিত
১ জুন বিশ্ব দুগ্ধ দিবস। বিশ্বের মতো বাংলাদেশেও দিনটি পালিত হচ্ছে নানা কর্মসূচির মধ্য দিয়ে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ২০০১ সাল থেকে প্রতিবছর ১ জুন দিনটিকে বিশ্ব দুগ্ধ দিবস হিসেবে পালন করে আসছে। এবারের প্রতিপাদ্য “দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে”।
দুধ কেবল পুষ্টিকর খাদ্য নয়, এটি অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানেরও বড় উৎস। প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে প্রতি বছর প্রায় ১ কোটি ৫০ লাখ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়। চাহিদা রয়েছে ১ কোটি ৫৯ লাখ টনের বেশি। উৎপাদিত দুধের ৯০ শতাংশ গরু, ৮ শতাংশ ছাগল এবং ২ শতাংশ মহিষের কাছ থেকে আসে।
বর্তমানে প্রতিদিন মাথাপিছু দুধ গ্রহণের পরিমাণ ২৩৪.৪৫ মিলিলিটার, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫০ মিলিলিটার গ্রহণের সুপারিশ করেছে।
পুষ্টিবিজ্ঞানীদের মতে, দুধে রয়েছে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন-ডি, বি-১২, ফসফরাসসহ নানা উপকারী উপাদান, যা হাড় ও দাঁত মজবুত করে, রোগ প্রতিরোধে সাহায্য করে এবং মানসিক চাপ কমায়।
বর্তমানে দেশে প্রায় ২ কোটি মানুষ দুগ্ধখাতের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। বিশেষ করে গ্রামীণ নারীরা এ খাতের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন।
বিশ্ব দুগ্ধ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়, দুধ শুধু স্বাস্থ্য নয়, এটি খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির অন্যতম স্তম্ভ।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah