জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | প্রিন্ট | 124 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ভাসতে থাকা অনিতা কর্মকার (৪০) নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৬ জুন বৃহস্পতিবার বিকেলে মূলগাঁও এলাকা থেকে লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ-পুলিশ।
নিহত অনিতা কর্মকার নরসিংদীর মনোহরদী উপজেলার আড়াল গ্রামের সুবল কর্মকারের মেয়ে এবং টাঙ্গাইলের আসিম কর্মকারের স্ত্রী। তিনি পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের প্রাণের কৃষি বিপণন কোং লিমিটেড (এএমসিএল)-কারখানায় কাজ করতেন এবং খীলপাড়া গ্রামে ভাড়া বাসায় স্বামীর সাথে বাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে মূলগাঁও এলাকায় অবস্থিত প্রাণ-আরএফএল ৪ নং গেইট সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে বৃহস্পতিবার বিকেলে লাশটি উদ্ধার করে নৌ-পুলিশ।
নিহতের স্বজনরা জানান, অনিতা কর্মকার ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন। পরদিন ২৫ জুন নরসিংদীর পলাশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর-১২৮১) করা হয়।
টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুর রহমান জানান, লাশটি কয়েকদিন আগে পানিতে পড়েছিল বলে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৩:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah