জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | সোমবার, ০৭ জুলাই ২০২৫ | প্রিন্ট | 163 বার পঠিত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সূর্য নারায়ণপুর এলাকায় একটি রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী এবং যথাযথ নিয়ম না মেনে কাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ ৭ জুলাই সোমবার দুপুরে এলাকার শতাধিক মানুষ সমবেত হয়ে প্রতিবাদ জানিয়েছে।
জানা যায়, উপজেলার সূর্য নারায়ণপুর এলাকার আব্দুর রশিদের বাড়ি থেকে বক্তারটেক পর্যন্ত ২৮০ ফুট দৈর্ঘ্য ইটের সলিং রাস্তাটি ৮ ফুট প্রস্থের হওয়ার কথা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কাজের বিনিময়ে টাকা (কাবিটা) প্রকল্পের আওতায় ২ লাখ ৮০ হাজার টাকা প্রাক্কলন ধরা হয়েছে। এতে নিম্নমানের ইট ব্যবহার এবং বালি না দিয়েই কাজ শুরুর অভিযোগ রয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ইউপি সদস্য আল আমিন বিগত আওয়ামী লীগের সময়ে এলাকার নিরীহ মানুষদের ওপর মামলা-হামলাসহ নানান ভাবে হয়রানি করেছেন। তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ইতিপূর্বে বিভিন্ন প্রকল্পের কাজ না করে টাকা আত্মসাত করেছেন।
গণঅভ্যুত্থানের পর দীর্ঘদিন পালিয়ে বেড়ানো মেম্বার সম্প্রতি এলাকায় এসে রাস্তার কাজ না করেই অর্ধেক টাকা উঠিয়ে নিয়েছেন। জানতে চাইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের তোয়াক্কা না করে অন্য এলাকার চিহ্নিত প্রভাবশালীদের ছত্রছায়ায় যেনতেন ভাবে কাজটি করার পাঁয়তারা করছেন। উল্টো এলাকাবাসীকে নানান ভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে বেড়াচ্ছেন। তারা অভিযুক্ত ইউপি সদস্যকে বরখাস্তসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ব্যাপারে এলাকার রানা শেখ নামে এক ব্যক্তি আজ উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন।
বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মঈনুল ইসলাম, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার কাজল, অভিযোগকারী মো. রানা শেখ প্রমুখ।
অভিযোগের ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরেজমিনে পাঠানো হয়েছে। ত্রুটি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম বলেন, অভিযোগের ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।
এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
Posted ১:৪৮ অপরাহ্ণ | সোমবার, ০৭ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah