শনিবার ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৪১ বছর ইমামতি শেষে বাড়ি ফিরলেন ফুলের গাড়িতে

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৩ আগস্ট ২০২৪   |   প্রিন্ট   |   205 বার পঠিত

৪১ বছর ইমামতি শেষে বাড়ি ফিরলেন ফুলের গাড়িতে

কুমিল্লার দেবিদ্বার উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম। গ্রামে সাজ সাজ রব। টানানো হয়েছে সামিয়ানা। সামিয়ানার নিচে কয়েক শত মানুষ। ঝুলছে বেলুন। পাশে রাখা হয়েছে ফুল দিয়ে সাজানো গাড়ি। গাড়িতে উঠছেন একজন। গলায় তার ফুলের মালা। দুই পাশে দাঁড়িয়ে তরুণরা ফুল ছিটিয়ে দিচ্ছেন। এতো আনন্দ আয়োজনের মাঝেও সবার চোখে অশ্রু ছলছল করছে। প্রথম দেখায় যে কারো মনে হবে বিয়ে বাড়ি। তবে এটি ৪১ বছর ইমামতি শেষে এক ইমামকে বিদায় দেয়ার দৃশ্য।

গতকাল ২ আগস্ট শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার খয়রাবাদ বায়তুল নুর জামে মসজিদে ইমামতি করা ইমাম মাওলানা আবুল হোসেনকে এভাবেই বিদায় জানান তার ছাত্রসহ এলাকাবাসী। মসজিদ প্রাঙ্গণে সংবর্ধনার আয়োজন করে গ্রামের তরুণদের যুবশক্তি ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন। এতে সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন। বক্তব্য রাখেন স্থানীয় খাড়াতাইয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মিজানুর রহমান, গ্রামের বাসিন্দা মহিবুর রহমান শাহীন, এনামুল হক মামুন ও মো. শাহ আলম প্রমুখ। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।

গ্রামের বাসিন্দা মহিবুর রহমান শাহীন বলেন, তিনি বিভিন্ন মসজিদে ৪১বছর ইমামতি করেছেন। সর্বশেষ খয়রাবাদ মসজিদে ২৫ বছর ইমামতি করেন। তিনি একই গ্রামের বাসিন্দা। কারো সাথে তার কখনও তর্ক হয়নি। সবাই সম্মান করতেন। কারণ এই গ্রামের যারা এখন যুবক ও তরুণ প্রায় সবাই তার ছাত্র। তার কাছে ধর্মীয় শিক্ষা অর্জন করেছেন।
মসজিদ কমিটির সেক্রেটারি ফরিদ উদ্দিন জানান, তিনি সঠিকভাবে তার দায়িত্ব পালন করেছেন। আমাদের সন্তানদের মক্তবে ধর্মীয় শিক্ষা দিয়েছেন। তাকে অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা দেয়া হয়। মুসল্লিরা বিভিন্ন উপহার দেন। ফুল দিয়ে সাজানো গাড়িযোগে মোটরসাইকেল বহর নিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে। আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

মাওলানা আবুল হোসেন বলেন, টানা ৪১ বছর ইমামতি করেছি। সর্বশেষ এই মসজিদে ২৫ বছর ছিলাম। এটি টিনের চালার মসজিদ ছিলো। সেখান থেকে আজ দুইতলা মসজিদ। মসজিদ ও তার অজুখানার পরিষ্কারে খাদেমের (দেখভাল করা) দিকে তাকিয়ে থাকিনি, সামনে যা পড়েছে তাই করেছি। কোনো কাজকে ছোট মনে করিনি। আমার ছাত্ররা বিদায় বেলায় যে সম্মান দিয়েছে এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। পাশাপাশি মসজিদ কমিটি, গ্রামবাসী ও ছাত্রদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।

Facebook Comments Box

Posted ৩:২৩ অপরাহ্ণ | শনিবার, ০৩ আগস্ট ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া