আরিফুর রহমান আরিফ : | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 40 বার পঠিত
উত্তর আমেরিকার চার শহরে একই দিনে শুক্রবার (৪ সেপ্টেম্বর) শুরু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বড় আয়োজন ৪০তম ফোবানা সম্মেলন। তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে ৪ থেকে ৬ সেপ্টেম্বর। কানাডার টরন্টো এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, অরল্যান্ডো ও লস অ্যাঞ্জেলেসে পৃথকভাবে অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
লেবার ডে উইকেন্ডকে ঘিরে প্রতিবছরই ফোবানা সম্মেলনের জন্য অপেক্ষায় থাকেন উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিরা। এবারও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশ থেকে সাংবাদিক, রাজনীতিবিদ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা এতে অংশ নিচ্ছেন। সম্মেলন ঘিরে চার শহরেই তৈরি হয়েছে উৎসবের আমেজ।
টরন্টোতে জমকালো সাংস্কৃতিক আয়োজন
টরন্টোর ডন ভ্যালি হোটেল অ্যান্ড স্যুটসে অনুষ্ঠিত হবে ফোবানার একটি সম্মেলন। এর নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ, শাহ নেওয়াজ, ড. আবু যুবায়ের দারা ও ফিরোজ আহমেদ।
আয়োজনে থাকছে সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেবেন বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ ও বরেণ্য অভিনয়শিল্পী ববিতা। সম্মেলন থেকে তাদের আজীবন সম্মাননা দেওয়ার কথা রয়েছে।
সাংস্কৃতিক পর্বে আরও থাকছেন রানো নেওয়াজ, সেলিম চৌধুরী, ডলি সায়ন্তনী, জোহরা আলীম, সুকন্যা ঘোষ, পিন্টু ঘোষ, অনিক রাজ, শাহনাজ বেলি, সজীব, সমি, ফকির সাহাবুদ্দিন ও আঁখি আলমগীর। কলকাতা থেকে অংশ নেবেন প্রিয়ংবদা ব্যানার্জী ও ঝিলিক।
কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানও সম্মেলনে যোগ দেবেন বলে জানা গেছে।
নিউইয়র্কে মুক্তিযুদ্ধ ও ইতিহাস নিয়ে সেমিনার
নিউইয়র্কের কুইন্সের অ্যাস্টোরিয়ায় ইভানজেল ক্রিশ্চিয়ান সেন্টারে ৪ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে আরেকটি ফোবানা সম্মেলন। এর নেতৃত্বে রয়েছেন ড. নুরুন্নবী, জাকারিয়া চৌধুরী, দেওয়ান মনিরুজ্জামান, নুরুল আমিন বাবু ও মনজুর কাদের।
আয়োজকদের তথ্যমতে, তিন দিনের এ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, বিশেষ সেমিনার, সাহিত্য ও কবিতা অনুষ্ঠান, সাংস্কৃতিক পরিবেশনা, ব্যবসা ও নেটওয়ার্কিং, নারীর ক্ষমতায়ন এবং অভিবাসনবিষয়ক সেমিনার থাকবে। নতুন প্রজন্মের জন্যও থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ আয়োজন।
উত্তর আমেরিকায় বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসীদের সম্মাননা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।
তবে এ আয়োজনের পোস্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ব্যবহারের কারণে এটি রাজনৈতিকভাবে প্রভাবিত—এমন অভিযোগও উঠেছে। সমালোচকদের দাবি, আয়োজকদের একটি অংশ আওয়ামী লীগঘনিষ্ঠ। যদিও ফোবানার গঠনতন্ত্রে সংগঠনটিকে অরাজনৈতিক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে আয়োজকেরা সম্মেলনে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাসকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে আলোচনায় খালেদ মুহিউদ্দীন
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে হলিউডের ইউনিভার্সাল স্টুডিওর কাছে হিলটন লস অ্যাঞ্জেলেস/ইউনিভার্সাল সিটিতে বসবে তিন দিনের আরেকটি ফোবানা সম্মেলন।
এই আয়োজনের নেতৃত্বে রয়েছেন খালেদ রৌফ, মোয়াজ্জেম চৌধুরী, জয়নুল আবেদীন ও আবীর আরমগীর।
সম্মেলনের অন্যতম আকর্ষণীয় সেমিনার পরিচালনা ও সঞ্চালনা করবেন সাংবাদিক খালেদ মুহিউদ্দীন। সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাঁর সঞ্চালনায় আলোচনা সম্মেলনের সেমিনার পর্বে বাড়তি আকর্ষণ তৈরি করবে বলে আশা করছেন আয়োজকেরা।
অরল্যান্ডোতে তারকার মেলা
ফ্লোরিডার অরল্যান্ডো সম্মেলনের মূল আকর্ষণ থাকছে দেশ-বিদেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণ। ঘোষিত তারকাদের তালিকায় রয়েছেন সানিয়া সুলতানা লিজা, পরীমনি, ইমরান মাহমুদুল, দিনাত জাহান মুন্নি, প্রতীক হাসান, শ্রাবস্তী তিন্নি, দিলশাদ নাহার কনা, আরজিন কামাল, তমা মির্জা, অনন্যা ইয়াসমিন অংকন, সাজু খাদেম ও রফিক আহমেদ মিল্টন।
ফলে একই মঞ্চে চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের একাধিক পরিচিত মুখকে দেখার সুযোগ পাবেন দর্শকেরা।
এ সম্মেলনের নেতৃত্বে রয়েছেন জাহিদ হাসান, নিহাল রহিম, আনোয়ার হোসেন সেন্টু, রাসেল মিয়া, শামীম মৃধা ও একেএম হোসেইন হিটু।
তবে একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, শেষ মুহূর্তে এসে অরল্যান্ডো ফোবানা আয়োজন কিছুটা অগোছালো অবস্থায় পড়েছে। আগাম অর্থ পরিশোধ না করলে জনপ্রিয় কয়েকজন শিল্পী অনুষ্ঠানে অংশ নাও নিতে পারেন বলে জানা গেছে। দর্শক আকর্ষণে আয়োজকেরা এক ডজনের বেশি শিল্পীর নাম প্রচার করছেন বলেও সূত্রটির দাবি। তবে এসব বিষয়ে আয়োজকদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
নেতৃত্বের কোন্দলে চার ভাগে ফোবানা
১৯৮৭ সালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রথম সম্মেলনের মধ্য দিয়ে ফোবানার যাত্রা শুরু হয়। কানাডা ও যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য ও সংহতি বৃদ্ধি, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা এবং সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে প্রবাসীদের জীবনমান উন্নয়ন ছিল সংগঠনটির অন্যতম লক্ষ্য।
এ ছাড়া যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সেতুবন্ধন তৈরিও ফোবানার অন্যতম উদ্দেশ্য।
তবে কয়েক দশকের পথচলায় নেতৃত্বের কোন্দল ও বিভেদের কারণে সংগঠনটি বর্তমানে চারটি পৃথক ধারায় বিভক্ত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। গঠিত হয়েছে চারটি কমিটি, যারা প্রতিবছর বিভিন্ন শহরে পৃথক সম্মেলনের আয়োজন করে।
এ নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সমালোচনাও রয়েছে। অনেকের প্রশ্ন, দীর্ঘদিনের একটি সংগঠন কেন এককভাবে একটি সম্মেলন আয়োজন করতে পারছে না?
তবে বিভক্তির মধ্যেও ফোবানার প্রতিটি সম্মেলনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির অংশগ্রহণ ঘটে। ফলে চার শহরে একই সময়ে আয়োজিত এবারের সম্মেলনগুলোও প্রবাসীদের মিলনমেলা ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হবে বলে আশা করছেন আয়োজকেরা।
Posted ১:২৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah