জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 140 বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। একই দিনে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী শপথ নিয়ে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ করেন।
রাজধানীর জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান।
বিকেল ৪টা ১২ মিনিটে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। এরপর পর্যায়ক্রমে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন।
এর আগে সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। বিএনপির এমপিরা এমপি হিসেবে শপথ নিলেও ‘সংবিধান সংস্কার পরিষদে’ শপথ নেওয়া থেকে বিরত থাকেন। তবে দুপুর ১২টার দিকে ডা. শফিকুর রহমান-এর নেতৃত্বে জামায়াতে ইসলামীর নবনির্বাচিত এমপি ও বিজয়ী স্বতন্ত্র প্রার্থীরা দুটি শপথই গ্রহণ করেন।
বঙ্গভবনের দরবার হলের পরিবর্তে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন বিশেষ তাৎপর্য বহন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতির অংশ হিসেবে উন্মুক্ত স্থানে শপথ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। বদ্ধ কক্ষের পরিবর্তে উন্মুক্ত পরিসরে শপথের মাধ্যমে জনগণের কাছাকাছি থেকে দায়বদ্ধতার নতুন বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিরা
মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৫ জনের মধ্যে রয়েছেন—ড. খলিলুর রহমান, জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশিদ, আফরোজা খানম (রিতা)সহ আরও অনেকে।
শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এ এন এম এহসানুল হক মিলন। ২০০১-২০০৬ মেয়াদে তিনি শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ব্যক্তিরা
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া ২৪ জনের মধ্যে রয়েছেন—হাবিবুর রশিদ, নুরুল হক নুর, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমীন, শেখ ফরিদুল ইসলাম, ফরহাদ হোসেন আজাদসহ আরও অনেকে।
শপথগ্রহণ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের প্রতিনিধি, বিপুলসংখ্যক দেশি-বিদেশি অতিথি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শপথ অনুষ্ঠান শেষে নবনির্বাচিত মন্ত্রীরা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন বলে জানা গেছে।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও তাদের জোটসঙ্গীরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের সুযোগ পায়।
Posted ১:২৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah