অনলাইন ডেস্ক | সোমবার, ০৩ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত
ছবি সংগৃহীত
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা। স্পোকেন ও আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের বিভিন্ন অঙ্গরাজ্যেও একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের কয়েকটি দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের ঝুঁকিতে থাকা এলাকার বাসিন্দাদের পাশাপাশি স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় ভিডিওতে দেখা গেছে, বহু ভবন আগুনে জ্বলছে, আবাসিক এলাকার আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে এবং অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে ধ্বংস হয়ে গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিন আবহাওয়ার বড় ধরনের উন্নতির সম্ভাবনা নেই।
মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, “আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হতে পারে।”
স্পোকেন ছাড়াও পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনে দাবানল নিয়ন্ত্রণে বুলডোজার ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এসব এলাকায় প্রায় ৫২৫ বর্গমাইল তৃণভূমি পুড়ে গেছে। ৬০০টির বেশি বাড়ি ও প্রায় ৮০০টি স্থাপনা এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহজুড়ে ওই অঞ্চলে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বিরাজ করবে। বুধবার তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে যেতে পারে। কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।
এদিকে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে।
স্পোকেন এলাকায় বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার ও মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। আগুনের কারণে পুরো অঙ্গরাজ্যে বায়ুর মান নিয়েও সতর্কতা জারি করা হয়েছে।
উচ্ছেদ হওয়া মানুষের জন্য স্পোকেনের প্রধান কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, অনেক পরিবার ঘরবাড়ি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছে।
বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, রোববার পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। আগুনে ক্ষতিগ্রস্ত দুটি বিদ্যুৎ সঞ্চালন লাইন মেরামতের কাজ চলছে।
উত্তর-পশ্চিমাঞ্চলের আরও কয়েকটি এলাকায় দাবানল ছড়িয়ে পড়েছে। পূর্ব ওরেগনের স্টিংকিংওয়াটার পর্বতমালায় প্রায় ৩৩৬ বর্গমাইল এবং পশ্চিম আইডাহোর বিগ গ্রাস ফায়ারে বড় এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ফেডারেল দলের মুখপাত্র কেইলা ভিজকারা বলেন, উত্তর-পশ্চিমাঞ্চলের পুরো এলাকাই বর্তমানে দাবানলের কারণে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি।
Posted ৭:১৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৩ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah