জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 237 বার পঠিত
মূল বেতনের ২০ ভাগ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধির দাবিতে এবং পুলিশের বলপ্রয়োগের প্রতিবাদে সারাদেশের মতো গাজীপুরে সকল বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। আজ ১৩ অক্টোবর সোমবার সকাল থেকে এ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। এতে জেলা ও মহানগরের এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।
আন্দোলনরত শিক্ষকরা বলেছেন, তাদের ন্যায্য অধিকার আদায়ের কর্মসূচিতে পুলিশ ন্যাক্কারজনকভাবে মারধর করে আহত ও রক্তাক্ত করেছে। এজন্য কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা আন্দোলনে নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে। এছাড়া দ্রুততম সময়ে দাবি মানা না হলে আন্দোলন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে পরিস্থিতির অবনতির হুঁশিয়ারি দেন তারা।
এ ব্যাপারে চান্দনা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রুহুল আমিন বলেন, রবিবার শিক্ষকদের আন্দোলনে পুলিশের টিয়ার শেল ও জলকামান ব্যবহারের তীব্র নিন্দা জানাই। আমাদের ন্যায্য দাবি আদায়ে আজ থেকে এ স্কুলসহ অন্যান্য স্কুলে শিক্ষকতা কর্মবিরতি পালন শুরু হয়েছে। যদি দ্রুততম সময়ে দাবি মানা না হয় তবে এ আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়বে। এজন্য সরকার ও প্রশাসনকে এর দায় নিতে হবে।
শিক্ষার্থীরা বলছেন, কর্মবিরতির কারণে পড়াশোনার ক্ষতি হবে তবে শিক্ষকদের ন্যায্য দাবি সরকারের বাস্তবায়ন করা উচিত।
উল্লেখ্য, রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটে। এসময় বেশ কয়েকজন শিক্ষক আহত হন। পরে সংগঠনের নেতাদের আহ্বানে শিক্ষকরা সরে গিয়ে শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখানে থেকেই লাগাতার আন্দোলনের ঘোষণা দেন।
Posted ৩:৪২ অপরাহ্ণ | সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah