জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
গাজীপুর মহানগরীর সালনা এলাকা থেকে পুলিশ পরিচয় দেওয়া এক প্রতারককে (ভুয়া পুলিশ) আটক করেছে র্যাব-১।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত পৌনে ২টার দিকে সালনা টেকিবাড়ি এলাকার জনৈক আলকাসের বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মাইদুল ইসলাম মামুন (২১) রংপুর জেলার কাউনিয়া থানার আজিজুর রহমানের ছেলে।
সিপিএসসি, গাজীপুর র্যাব-১-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপারেশনস ও মিডিয়া অফিসার) শাহ আলম জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর র্যাব ক্যাম্পের সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানাধীন সালনা টেকিবাড়ি ২০ নম্বর ওয়ার্ডের জনৈক আলকাসের বাসা থেকে মাইদুল ইসলাম মামুনকে আটক করা হয়।
র্যাব জানায়, আটক ব্যক্তির কাছ থেকে ছবি-সম্বলিত একটি ভুয়া পুলিশ আইডি কার্ড, ব্যাটারিসহ ভেটেক্স প্লাস ব্র্যান্ডের একটি ওয়াকিটকি সেট, একটি রিফ্লেকটিভ ভেস্ট, ধাতব তৈরি রুপালি রঙের দুটি পুলিশ র্যাংক ব্যাজ, একটি নীল রঙের লেজার লাইট, এক জোড়া কালো রঙের অক্সফোর্ড জুতা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আটক মাইদুল ইসলাম মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah