সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ১৯ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে সংঘটিত এ ঘটনায় পুলিশ সদস্য ও মাদ্রাসাছাত্রসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। উত্তপ্ত পরিস্থিতির কারণে জেলা পুলিশের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়।
পুলিশ, শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরীর আগমন উপলক্ষে মঙ্গলবার রাতে পুলিশ লাইন্সের অভ্যন্তরে জেলা পুলিশের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান চলাকালে রাত সাড়ে ১১টার দিকে উচ্চশব্দে গান বাজানোকে কেন্দ্র করে পাশের দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থী পুলিশ লাইন্সে গিয়ে মাইকের আওয়াজ কমানোর অনুরোধ জানান।
শিক্ষার্থীদের দাবি, পরদিন বুধবার তাঁদের পরীক্ষা থাকায় পড়ালেখায় বিঘ্ন ঘটছিল। মাইকের শব্দ প্রথমে কমানো হলেও পরবর্তীতে আবার বাড়িয়ে দিলে এ নিয়ে কথা বলতে গেলে পুলিশের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। খবর পেয়ে শতাধিক মাদ্রাসাছাত্র পুলিশ লাইন্সে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে। অন্যদিকে শিক্ষার্থীরাও পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়তে শুরু করে।
এ ঘটনায় উভয় পক্ষের আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে রাতেই দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার প্রিন্সিপাল ও হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিচার দাবি করে অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
ঘটনার বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশ সুপার শাহ মোহাম্মদ আব্দুর রউফের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
Posted ৮:৪৪ পূর্বাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah