জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 33 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল আজিজ (৩২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১টার দিকে টঙ্গীর আরিচপুর বউ বাজারের গাজীবাড়ি এলাকায় আব্দুর রহমান বাবুর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ দিনাজপুর জেলার কাহারুল থানার সুন্দইল গ্রামের মো. জরু মিয়ার ছেলে। তিনি পরিবার নিয়ে টঙ্গীর বউ বাজার এলাকায় বসবাস করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বহুতল ভবনের প্লাস্টারের কাজ করার সময় ঘরের ভেতরে অন্ধকার ছিল। অন্ধকার দূর করতে বৈদ্যুতিক বাতির সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত শর্ট সার্কিটের শিকার হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন আজিজ।
পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মো. মুন্নাফ আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে পৌঁছান। এ সময় তিনি নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ১১:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah