আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত
গাজীপুরের টঙ্গীতে হাজীর মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও স্থানীয় ফ্লাইওভার ব্রিজ অবরোধ করে বিক্ষোভ করেছেন বস্তি হারানো বাসিন্দারা।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ মাথায় কাফনের কাপড় বেঁধে বিক্ষোভে অংশ নেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ফ্লাইওভার ব্রিজ অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও পরিবহন চালকেরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, মাদকবিরোধী অভিযানের আড়ালে হাজীর মাজার বস্তির নিরীহ ও সাধারণ বাসিন্দাদের উচ্ছেদের চেষ্টা চলছে।
তাদের দাবি, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক। তবে এর দায় সাধারণ বাসিন্দাদের ওপর চাপিয়ে তাদের উচ্ছেদ করা যাবে না। পুনর্বাসন ছাড়া কোনোভাবেই বস্তি উচ্ছেদ না করার দাবিও জানান তারা।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। এতে প্রায় এক ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা বলেন, স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাদের বর্তমান স্থানে বসবাসের সুযোগ দিতে হবে। একই সঙ্গে দ্রুত বিকল্প আবাসনের ব্যবস্থা করে এরপর উচ্ছেদ কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।
বস্তিবাসীরা আরও বলেন, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে তারা নিজেরাও প্রশাসনকে সহযোগিতা করতে প্রস্তুত। তবে কয়েকজনের অপরাধের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে হাজারো পরিবারকে গৃহহীন করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, অবরোধের কারণে কিছু সময় মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
Posted ৩:৩৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah