চন্দন কুমার দেব, নাসিরনগর থেকে: | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 201 বার পঠিত
দাবি আদায়ের লক্ষ্যে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাসিরনগর ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা। আজ ৯ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টার দিকে নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের মহেন্দুরা এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শিক্ষার যথাযথ স্বীকৃতি ও কর্মসংস্থানের সুযোগ সহ বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়ক অবরোধ করে রাখেন। এতে উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, বন্ধ হয়ে যায় সবধরনের যান চলাচল। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু সময়ের জন্য তারা যান চলাচলের সুযোগ দেন। পরে পুনরায় অবরোধ শুরু করে।
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাদের শিক্ষার মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নের বিভিন্ন দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নেয়নি। এজন্য তারা বাধ্য হয়ে সড়কে নেমেছেন। একপর্যায়ে দুপুর সাড়ে ১২ টার দিকে আইএলএসটি অধ্যক্ষ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাসে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।
Posted ১:২১ অপরাহ্ণ | রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah