সঞ্জীব ভট্টাচার্য্য : | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট | 17 বার পঠিত
ব্যবসার ব্যয় কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়াতে চায় সরকার বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রেক্ষাপটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার জোর দিচ্ছে।
রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আজ বুধবার বাণিজ্য মন্ত্রণালয় ও বিজিএমইএর যৌথ উদ্যোগে সার্কুলার অর্থনীতি বিষয়ক এক সেমিনারে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সার্কুলার অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। তাদের মতে, এটি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে সহায়ক হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন শুধু পরিবেশগত আলোচনার বিষয় নয়; এটি বাংলাদেশের শিল্পখাতের ভবিষ্যৎ প্রতিযোগিতা সক্ষমতা, টেকসই প্রবৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে অবস্থান শক্তিশালী করার অন্যতম পূর্বশর্ত।
তিনি বলেন, বিশ্ববাজার দ্রুত পরিবর্তিত হচ্ছে। টেকসই উৎপাদন এখন আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতামূলক সক্ষমতার অন্যতম নির্ধারক। ক্রেতা, বিনিয়োগকারী ও ভোক্তারা এমন উৎপাদন ব্যবস্থার প্রতি আগ্রহী, যা দক্ষতা, দায়িত্বশীলতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার পরিচয় বহন করে।
মন্ত্রী আরও বলেন, ‘সুইচ টু সার্কুলার ইকোনমি’ কর্মসূচির আওতায় পরিচালিত পাইলট কার্যক্রম ইতোমধ্যে প্রমাণ করেছে যে সার্কুলার অর্থনীতিতে রূপান্তর কোনো কল্পনাপ্রসূত ধারণা নয়; এটি বাস্তবসম্মত, অর্জনযোগ্য এবং এর বাস্তবায়ন শুরু হয়ে গেছে।
সেমিনারে উদ্যোক্তারা জানান, বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে টেকসই বর্জ্য ব্যবস্থাপনার সমাধান জরুরি। দেশে তৈরি পোশাক খাত থেকে বছরে প্রায় ৬ লাখ টন টেক্সটাইল বর্জ্য উৎপাদিত হলেও এর মাত্র ৫ শতাংশ পুনর্ব্যবহার করা হয়।
তারা বলেন, টেক্সটাইল বর্জ্য প্রক্রিয়াকরণ সংকট শিল্প ও পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে। তাই সক্ষমতা বাড়িয়ে কাঁচামালের অপচয় কমানোর পাশাপাশি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন।
ইইউ’র রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এলডিসি উত্তরণের পর বাংলাদেশ স্বল্প সুদের ঋণ সুবিধা হারাবে এবং বিশেষ বাজার সুবিধাও শেষ হয়ে যাবে।
এমন পরিস্থিতি মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং লজিস্টিক ব্যয় কমাতে চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বাণিজ্যমন্ত্রী।
Posted ১:০৮ অপরাহ্ণ | বুধবার, ০৬ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah