মঙ্গলবার ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজের সকলেই ফেল

সঞ্জীব ভট্টাচার্য্য   |   বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   231 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় তিন কলেজের সকলেই ফেল

ব্রাহ্মণবাড়িয়ায় চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার প্রায় ৫২ শতাংশ। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও নবীনগর উপজেলার তিনটি কলেজের কোনো পরীক্ষার্থীই পাশ করতে পারেনি। অকৃতকার্য হওয়া তিন কলেজের মধ্যে দুইটি থেকে এবারই প্রথম এইচএসসি পরীক্ষায় অংশ নেয় পরীক্ষার্থীরা। এ ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। তবে ফলাফল বিপর্যয়ের জন্য কলেজগুলোতে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অভাব ও রাজনৈতিক অস্থিরতাকে দায়ী করেছেন স্থানীয়রা।

খোঁজ নিয়ে জানা যায়, এবারের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলা থেকে ১২ হাজার ৬১২ জন পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৬ হাজার ৫৩৩ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ২৮৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৬ হাজার ৭৯ জন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নিদারাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেওয়া ৬ জন পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছেন। এদের মধ্যে একজন ব্যবসায় শিক্ষা এবং বাকিরা মানবিক শাখার শিক্ষার্থী।

একই বিজয়নগর উপজেলার চানপুর আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেওয়া ১১ পরীক্ষার্থীর কেউই পাশ করতে পারেনি। প্রত্যেকেই মানবিক বিভাগের শিক্ষার্থী। এছাড়া নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ থেকেও অংশ নেওয়া ৪ পরীক্ষার্থীর কেউ পাশ করেনি।

নিদারাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আবদুল হান্নান মেহাম্মদ আজমল বলেন, সকল পরীক্ষার্থী ফেল করার ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। পরীক্ষার পর সবাই বলেছিল পরীক্ষা ভালো হয়েছে। কেনো এমন হলো সেটি বোধগম্য নয়। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে- সেজন্য সচেষ্ট থাকবেন বলে জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাব্যবস্থা আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। সরকার চেষ্টা করছে শিক্ষার্থীদের পড়ালেখা যেন সার্টিফিকেট নির্ভর না হয়ে মেধাসম্পন্ন হয়। এরজন্য এবার পাশের হার কমেছে। যে তিনটি কলেজের সব পরীক্ষার্থী ফেল করেছে- সেগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৩:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া