নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 269 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালক ও দুলাভাইয়ের পক্ষের লোকদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের ১৫জন আহত হয়েছে। গতকাল ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের গজারিয়া গ্রামে এই সংঘর্ষ হয়। হাসপাতালে এসেও তারা পুনরায় সংঘর্ষে জড়ান। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আজ ১৩ সেপ্টেম্বর শুক্রবার বিকেল নাগাদ এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি।
সংঘর্ষে আহতদের মধ্যে আনোয়ার মিয়া (৫০), রাহিম মিয়া (১৮), দ্বীন ইসলাম (২৪), শাকিল মিয়া (২২), ময়না বেগম (৪০), ইসমাইল মিয়া (১৫), মনির মিয়া (৪৪), ইয়াসিন মিয়া (২১) ও মনসুর মিয়া (৩৫) ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা নেন। তবে তারা শঙ্কামুক্ত।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গজারিয়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে দ্বীন ইসলামের স্ত্রী পারিবারিক কলহের জেরে ছয় জনের নাম উল্লেখ করে আখাউড়া আমলী আদালতে একটি যৌতুকের মামলা দায়ের করেন। মামলায় শহীদ ভূইয়ার ছেলে মনির ও মনসুরকে আসামী করা হয়। মনির হলেন আনোয়ারের বোন জামাই। মামলার বিষয়টি মনিরের কাছে কেন গোপন রাখা হলো এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দু’পক্ষই সংঘর্ষে জড়িয়ে যায়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে গেলে ওইখানে দু’পক্ষের লোকজন আবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে সদর মডেল থানার পুলিশ এসে হাসপাতালের পরিস্থিতি স্বাভাবিক করেন।
হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রহমত উল্লাহ জানান, চিকিৎসা নিতে আসা দু’পক্ষের লোকজন জরুরি বিভাগের ভেতরে উভয়পক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে হাসপাতালের রোগী ও স্টাফরা আতংকিত হয়ে পড়েন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শ্যালক ও দুলাভাইয়ের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেননি।
Posted ১:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah