রবিবার ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ স্থাপনা উচ্ছেদে সড়ক অবরোধ করে

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

সঞ্জীব ভট্টাচার্য্য   |   সোমবার, ১৭ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   313 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে অবৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ এবং কলেজের সীমানাপ্রাচীরসহ বড় ফটক নির্মাণের দাবিতে কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। ১৬ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের সামনের সড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা সড়কে আগুন ধরিয়ে বিভিন্ন শ্লোগান দেন।

শিক্ষার্থীরা জানান, কলেজের প্রধান ফটকটি অতিমাত্রায় সরু হওয়ায় প্রতিদিনই ভোগান্তিতে পড়তে হয়। তার উপর কলেজের সামনেই গড়ে ওঠা দোকানগুলো তাদের চলাচলে আরো বাধা সৃষ্টি করছে। এ সমস্যা সমাধানে বহুবার উদ্যোগ নেওয়া হলেও দোকানগুলো সরানো হয়নি। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে দোকান না রাখার নির্দেশনা এলেও তা বাস্তবায়নের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

শিক্ষার্থী মুসকান ইসলাম বলেন, ওষুধ ব্যবসায়ীরা আদালতে স্থিতাবস্থার আবেদন করেছিলেন, কিন্তু আদালত তা নামঞ্জুর করেছেন। তাই আমরা চাই অবৈধ স্থাপনাগুলো দ্রুত অপসারণ করা হোক।

আরেক শিক্ষার্থী তাহলিনা চৌধুরী বলেন, আমরা দৃষ্টিনন্দন ফটক চাই। এ জন্য সামনের দোকানগুলো উচ্ছেদ করা জরুরি। কিন্তু দোকান মালিকরা সরছেন না। তাদের না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুল হান্নান খন্দকার বলেন, দোকানগুলো অপসারণ করে নিরাপত্তামূলক বেষ্টনি ও দৃষ্টিনন্দন ফটক নির্মাণের উদ্যোগ এরই মধ্যে নেওয়া হয়েছে। এ জন্য তিন মাস আগে থেকেই সামনের দোকানগুলোর ভাড়া বন্ধ করা হয়েছে এবং লিজ বাতিলের সিদ্ধান্ত জানানো হয়েছে।

প্রসঙ্গত, দোকান মালিকরা সরে যাওয়ার জন্য কিছু সময় চেয়ে আসছেন। বিষয়টি সমর্থন করে গত ২৭ অক্টোবর কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্ট সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডাক দিয়েছিল। পরে প্রশাসনের সাথে আলোচনার পর তারা জনস্বার্থে ধর্মঘট প্রত্যাহার করে নেন।

Facebook Comments Box

Posted ১২:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া