আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শনিবার, ২২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 8 বার পঠিত
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ৫ শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে জেলা ও উপজেলা প্রশাসন।
শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুর সদর উপজেলার ভবানীপুর, বাঘের বাজার ও মেম্বারবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে অভিযানে সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিবুর রহমান, গাজীপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার লিপি রানী, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুনসহ র্যাব, পুলিশ, বিজিবি ও প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে মহাসড়কের পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে মহাসড়কের পাশে দখলমুক্ত জায়গা তৈরি হয় এবং যানবাহন ও পথচারীদের চলাচলের সুযোগ বাড়ে।
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে ওঠায় যানবাহন ও পথচারীদের চলাচলে নানা ধরনের ভোগান্তি হচ্ছিল। এসব অবৈধ স্থাপনা নিয়মিত উচ্ছেদ করা হলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং যানজটও অনেকটা কমবে বলে আশা করছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহাসড়কের নিরাপত্তা, দখলমুক্ত পরিবেশ ও স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করতে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Posted ৬:২৮ অপরাহ্ণ | শনিবার, ২২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah