অনলাইন ডেস্ক | শনিবার, ০৩ মে ২০২৫ | প্রিন্ট | 128 বার পঠিত
ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রাশিয়ার চালানো একটি ড্রোন হামলায় প্রায় ৫০ জন মানুষ আহত হয়েছেন বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। ২ মে শুক্রবার রাতে হামলার ঘটনাটি ঘটে। জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
খবরে উল্লেখ করা হয়, খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ টেলিগ্রামে এক পোস্টে লিখেছেন, “দখলদারের ব্যাপক হামলার কারণে প্রায় ৫০ জন আহত হয়েছে।”
তিনি আরো উল্লেখ করেন, হামলাটি শহরের চারটি জেলার ওপর চালানো হয়েছিল।
সিনেগুবভ বলেন, “বিভিন্ন জায়গায় আগুন লেগে গেছে। আবাসিক ভবন, বেসামরিক অবকাঠামো এবং গাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।”
শহরের মেয়র ইহোর তেরেখভ জানান, ড্রোন হামলাগুলো শহরের চারটি গুরুত্বপূর্ণ জেলায় ১২টি স্থানে আঘাত হানে।
খারকিভ শহরটি দেশের উত্তর-পূর্ব সীমানা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকেই শহরটি হামলার লক্ষ্যে পরিণত হয়েছে।
এর কয়েক ঘণ্টা আগেই, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার অপর এক হামলায় ২০ জনের বেশি মানুষ আহত হয়।
সূত্র: ডয়েচে ভেলে
Posted ৫:৫১ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah