জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 145 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত শিরিন আওলাদ মডেল স্কুলে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। শীতের আমেজে গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠার স্বাদে মুখর হয়ে ওঠে বিদ্যালয় চত্বর। আজ ২৩ জানুয়ারি শুক্রবার সকাল ১১টায় উৎসবের উদ্বোধন করেন ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান সজল। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক বেগম শামসুন্নাহারসহ শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবে ভাপা পিঠা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শন ও বিক্রি করা হয়। শিক্ষার্থীরা নিজেরাই পিঠা তৈরি করে স্টলে উপস্থাপন করে, যা তাদের সৃজনশীলতা ও দলগত কাজের অভিজ্ঞতা অর্জনে সহায়তা করে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন এবং দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন করা হয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। অনেক অভিভাবকও সন্তানের তৈরি পিঠার স্বাদ নিতে অনুষ্ঠানে অংশ নেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিদুল ইসলাম বলেন, “এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আনন্দ দেওয়ার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় আগ্রহী করে তোলে। ভবিষ্যতেও এমন শিক্ষামূলক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।”
পিঠা উৎসব উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় পুরো আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এ ছাড়া উৎসবকে ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।
Posted ৮:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah