আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | রবিবার, ১৬ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 27 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদ নিয়াজ শিশিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘মাছে-ভাতে বাঙালি’ হলেও বর্তমানে দেশের মাছের চাহিদা অনেকটাই চাষের মাছের ওপর নির্ভরশীল। অপরিকল্পিত শিল্পায়নের কারণে নদ-নদী ও জলাশয় দূষিত হচ্ছে। অনেক শিল্পকারখানায় বর্জ্য পরিশোধনের জন্য ইটিপি থাকলেও তা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এতে দূষিত পানি নদীতে গিয়ে মাছের প্রাকৃতিক অভয়াশ্রম নষ্ট করছে।
তিনি আরও বলেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের ফলে উৎপাদন বেড়েছে এবং দেশের চাহিদা পূরণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাছের খাদ্য ও চাষে ক্ষতিকর হেভি মেটাল ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি। পাশাপাশি মাছ চাষের সঙ্গে জলাশয়ের পরিবেশ সুরক্ষার ওপরও গুরুত্ব দেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য ডা. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, আহ্বায়ক সদস্য এস এম মাহফুজ হাসান হান্নান, আনোয়ার হোসেন বেপারী ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করেন এমপি ডা. রফিকুল ইসলাম বাচ্চু।
Posted ১:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah