অনলাইন ডেস্ক | বুধবার, ১২ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে মাদক নির্মূলে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়দের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। এ লক্ষ্যে র্যাব-১-এর উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা প্রশাসনের ক্ষণিকা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। র্যাব-১-এর গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প এ সভার আয়োজন করে।
সভায় শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ ভূঞা, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয়রা অভিযোগ করেন, মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার পর তারা অল্প সময়ের মধ্যে জামিনে বের হয়ে এসে ফের অপরাধে জড়ায়। এমনকি তথ্যদাতাদের হুমকি দেওয়ার ঘটনাও ঘটে। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে।
গণমাধ্যমকর্মীরা সভায় শ্রীপুরের বিভিন্ন আইনশৃঙ্খলা সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর এলাকায় রাত ১০টার পর লোহার রড ছুড়ে গাড়ি থামিয়ে লুটপাটের ঘটনা ঘটছে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্মানিত ব্যক্তিদের ছবি ছড়িয়ে চরিত্রহননের চেষ্টা করা হলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
শ্রীপুর পৌর বিএনপির সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী বলেন, মাদক মামলায় গ্রেপ্তার ব্যক্তিরা কারাগার থেকে বেরিয়ে আবার একই অপরাধে জড়িয়ে পড়ছেন। মাদক নির্মূলে কঠোর শাস্তি নিশ্চিত করা জরুরি।
র্যাব-১ গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্প কমান্ডার ইফতেখার আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীর সংখ্যা অনেক হলেও মূল ডিলার হাতে গোনা কয়েকজন। তাই মূল ডিলারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।
তিনি বলেন, মাদকবিরোধী তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে শ্রীপুরকে মাদকমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
র্যাবের এই কর্মকর্তা আরও বলেন, মাদকের কারণে সমাজে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। তাই মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah