মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   124 বার পঠিত

সরাইলে সাবেক গণপূর্তমন্ত্রী মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

সাবেক মন্ত্রী, ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক সংসদ সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে প্রধান আসামি করে সরাইল থানায় আরেকটি হত্যা মামলা হয়েছে। গতকাল ১১ নভেম্বর সোমবার বিকেলে থানায় মামলাটি রেকর্ড হয়। মামলার এজাহারে ৭২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০০ থেকে ১৫০ জনকে। মামলার বাদী হয়েছেন সরাইল উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামের বাসিন্দা মো. শফি আলী। মোকতাদির চৌধুরীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এ নিয়ে ১০টি মামলা হলো, এর মধ্যে ৭টি হত্যা মামলা। গত ৩১ সেপ্টেম্বর রাতে রাজধানীর শেওড়াপাড়া এলাকা থেকে পুলিশ মোকতাদির চৌধুরীকে গ্রেফতার করে। ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর শাস্তির দাবিতে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মী, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ২০২১ সালের ২৬ মার্চ থেকে পরবর্তী কয়েক দিন আন্দোলন করেছিল হেফাজতে ইসলাম। ২৮ মার্চ দেশব্যাপী মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও তৌহিদি জনতার সকাল-সন্ধ্যা হরতাল চলছিল। ওই দিন সরাইল বিশ্বরোড মোড় এলাকায় হরতালে অংশ নিয়েছিলেন মামলার বাদীর ছেলে হাফেজ আল-আমীন (১৭)। সেখানে ১ নম্বর আসামির (মোকতাদির চৌধুরী) নির্দেশে কয়েকজন আসামি আল আমীনকে প্রথমে মারধর করেন, পরে গুলি করে হত্যা করেন। মামলায় দ্বিতীয় আসামি করা হয়েছে সরাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজমুল হোসেনকে আর তৃতীয় আসামি করা হয়েছে সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লোকমান হোসেনকে। আসামির তালিকায় থাকা ৭২ জনের মধ্যে ৩৮ জন সরাইল উপজেলা বাসিন্দা। বাকি ৩৪ জন জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। সরাইল উপজেলার বাসিন্দাদের অধিকাংশই প্রত্যন্ত গ্রামের। তাঁদের অনেকেই আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মী বা সমর্থক।

এ বিষয়ে মামলার বাদী মো. শফি আলী বলেন, ‘সব আসামিকে আমি চিনি না।’

২০২১ সালের ২৮ মার্চের ঘটনায় সরাইল থানায় গত ৩ সেপ্টেম্বর আরো একটি হত্যা মামলা হয়। ওই মামলায়ও প্রধান আসামি করা হয়েছে মোকতাদির চৌধুরীকে। ওই মামলায় ৬৭ জনের নাম উল্লেখ আছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজ্জাক বলেন, ৭২ জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা হয়েছে। মামলাটি নথিভুক্ত করা হয়েছে। মামলায় নিরপরাধ কোনো ব্যক্তি আসামি হয়ে থাকলে তাঁকে অযথা হয়রানি করা হবে না।

Facebook Comments Box

Posted ৩:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া