জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ | প্রিন্ট | 169 বার পঠিত
গাজীপুরের ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম আকন্দ ও ম্যানিজিং কমিটির সভাপতি আবুল হোসেনের পদত্যাগ দাবিতে ২৮ আগস্ট বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। সকাল ১০টার দিকে গাজীপুর উপজেলার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে পৌনে ১২টা পর্যন্ত অবস্থান করে। পরে শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে স্কুলে ফিরিয়ে আনে পুলিশ। এ সময় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা জানায়, উক্ত দুইজন স্কুলের বারোটা বাজিয়ে দিয়েছেন। যখন তখন সহকারী শিক্ষকদের স্কুল থেকে বের করে দেন, ছাত্রছাত্রীদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন। এছাড়া স্কুলের টাকা আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করে শিক্ষার্থীরা।
প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও সভাপতি আবুল হোসেন জানান, শিক্ষার্থীদের দাবি অযৌক্তিক। তারা স্থানীয় কতিপয় লোকের উস্কানিতে রাস্তা অবরোধ করে। তারা স্কুলের সুনাম ক্ষুণ্ন করতে উঠে পড়ে লেগেছে এবং কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ জানান, ভবানীপুর সড়ক অবরোধের খবরে আমরা দ্রুত সেখানে যাই। শিক্ষার্থীদের দাবি মানার আশ্বাস দিয়ে স্কুলে ফিরিয়ে আনা হয়েছে। পরে উপজেলা শিক্ষা অফিসার একজন প্রতিনিধি পাঠিয়ে তাদের দাবিগুলো লিখিত নোট নেন। প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
Posted ২:১২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah