নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ৩০ মে ২০২৫ | প্রিন্ট | 242 বার পঠিত
আবহমানকাল ধরে তেল জাতীয় ফসলের গুরুত্ব সরিষা এবং তিলকে কেন্দ্র করে। তিলের তেল মানব শরীরের জন্য অতি প্রয়োজনীয়। এতে ৮০% এর বেশি অসম্পৃক্ত ফ্যাটি এসিড আছে। কৃষক পর্যায়ে কৃষি বিভাগের নিকট দীর্ঘদিনের প্রত্যাশা ছিল জলবায়ু সহিষ্ণু তিলের জাত উদ্ভাবনের।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এমনই একটি উচ্চফলনশীল তিলের জাত হল বিনাতিল-২, এটি চাষের মাধ্যমে পতিত বা অনাবাদী জমিকে উৎপাদনশীল জমিতে রূপান্তর করা যায়। ফলে দেশের খাদ্য ও তেল নিরাপত্তা নিশ্চিত করণেও এ তিল গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় চলতি মৌসুমে ১৫৫ হেক্টর জমিতে বিনাতিল-২ এর আবাদ হচ্ছে। বিনা তিল-২ রবি এবং খরিপ উভয় মৌসুমে আবাদ করা গেলেও সাধারণত কৃষকগণ খরিপ মৌসুমে আবাদ করে থাকে। খরিপ মৌসুমের শুরুতে আবহাওয়া শুষ্ক থাকে এবং শেষ পর্যায়ে ভারী বৃষ্টিপাত থাকে।
নবীনগর কৃষি অফিসের সহায়তায় তিল চাষীদের মধ্যে বিনাতিল-২ এর বীজ প্রদান করা হয়। সে প্লটগুলো সরেজমিনে পরিদর্শন করে সন্তোষজনক ফলাফল পাওয়া গেছে। পৌরসভা ব্লকের কৃষক সুধন মিয়া বলেন, তিল গাছের বৃদ্ধি খুব ভাল। আশা করি আবহাওয়া ভাল থাকলে ভাল ফলন পাওয়া যাবে। সুহাতা গ্রামের কৃষক নাছির উদ্দিন বলেন, এ বছর বৃষ্টি কম হওয়া সত্তেও এ জাতের তিল খুব সুন্দর ভাবে ফুল এবং ফল দিচ্ছে। আমরা দীর্ঘদিন ধরে এ ধরনের জাত খুঁজ করছিলাম।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন বলেন. বিনাতিল-২ জাতটির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটির বীজ কাল জাতের। এটি সাময়িক জলাবদ্ধতা এবং খড়া সহিষ্ণু। খরিপ মৌসুমে এই ধরনের আবহাওয়া বিরাজমান থাকলে সাধারণ তিলের ফলনে প্রভাব পরে, কিন্ত বিনাতিল -২ এর ক্ষেত্রে কোন ক্ষতিকর প্রভাব পরে না। বিনাতিল-২ উচ্চ ফলনশীল জাতের তিল, এটি দেশের ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সহায়ক ভূমিকা রাখবে। কারণ এতে প্রায় ৪০% থেকে ৪৫% তেল থাকে। এ জাতটি দেশীয় সাধারণ জাতের তিলের তুলনায় দ্বিগুণ ফলন উৎপাদনে সক্ষম। বিনাতিল- ২ এর জীবনকাল ৮০-৯০ দিন”। তাই এ তিল কৃষকের জন্য একটি অতিরিক্ত আয়ের উৎস হতে পারে।
Posted ৫:২৪ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ মে ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah