সঞ্জীব ভট্টাচার্য্য : | শনিবার, ০৮ আগস্ট ২০২৬ | প্রিন্ট | 10 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার বিটঘর ইউনিয়নের টিয়ারা গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, টিয়ারা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আতিকুর রহমান ওরফে শিশু মিয়া এবং একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে এর আগেও কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।
গত ১১ জুন প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন আহমেদের চাচাতো ভাই ইকবাল মিয়া মারা যান।
এরই মধ্যে শুক্রবার বিকেলে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে আবুল হোসেন আহমেদের পক্ষের আপন মিয়া (১৮) ও বায়েজিদ আহমেদ (১৬) নামে দুই কিশোরকে টিয়ারা গ্রামে মারধর করা হয়। এ ঘটনায় শিশু মিয়ার পক্ষের লোকজন জড়িত বলে অভিযোগ করেন স্থানীয়রা।
এ ঘটনার জেরে শনিবার সকালে টিয়ারা বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন রামদা, ছুরি, টেঁটা ও বল্লমসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নেওয়া আহতদের মধ্যে রয়েছেন—মোকারম হোসেন (৩৫), বাচ্চু মিয়া (৫০), বাহার মিয়া (২০), কালু মিয়া (৩৫), রিয়াদ হোসেন (২৫), আনোয়ার (২৫), রুবেল মিয়া (৩০), বিল্লাল মিয়া (৪), হাবিব মিয়া (৫), ছোটন মিয়া (৫০), ইয়ার হোসেন (৩৫), মো. রবিউল (৪৫), রিপন (৩৫), মহিউদ্দিন (২২), মো. মোশারফ হোসেন (২৫), আবুল কালাম (৫৫), আলামিন (৪৫), হেলাল মিয়া (৪৩), মো. আমিন (৪), জমির আলী (৪), বদরুল ইসলাম (৪৫) ও সানজিদা (১৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম. এম. রকীব উর রাজা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে টিয়ারা গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
Posted ১২:১০ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah