রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর :   |   শনিবার, ০৮ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   10 বার পঠিত

জ্বালানি খাত অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয়: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সুপরিকল্পিতভাবে অস্থিতিশীল করতে একটি চক্র সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৮ আগস্ট) সকালে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দায়িত্ব গ্রহণের সময় সরকার একটি ভঙ্গুর রাষ্ট্র পেয়েছে। দুর্বল অর্থনীতি, বিভক্ত প্রশাসন এবং ভঙ্গুর শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থার মধ্য থেকেই দেশকে ঘুরে দাঁড় করানোর চেষ্টা করছে সরকার। এর মধ্যে রাষ্ট্র ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের সুবিধাভোগীরা সক্রিয় রয়েছে।

তিনি বলেন, বিগত দিনের অপরিকল্পিত পরিকল্পনা ও প্রকল্পের কারণে দেশের জ্বালানি খাত সংকটের মুখে পড়েছে। সরকার এসব সমস্যা চিহ্নিত করে সমাধানের মাধ্যমে জ্বালানি সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে।

স্বাস্থ্য খাতের সংস্কার প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকারের স্বাস্থ্যসেবা নীতির অন্যতম লক্ষ্য হলো ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম’। রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করতে দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। চিকিৎসকদের নেতৃত্বে এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষকে প্রাথমিক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করবেন।

চিকিৎসক ও পেশাজীবীদের রাজনীতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক সিদ্ধান্ত মানুষের জীবন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলে। তাই শিক্ষার্থী, শিক্ষক ও পেশাজীবীদের রাজনীতি সম্পর্কে সচেতন থাকা অযৌক্তিক নয়। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে কোনো ধরনের বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ড্যাবের বিভিন্ন দাবির বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, স্বল্পতম সময়ে বিশেষ বিসিএসের মাধ্যমে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, সরকারি চাকরিতে চিকিৎসকদের প্রবেশের বয়সসীমা ৩২ থেকে ৩৪ বছর করা, অবসরের বয়সসীমা ৬১ থেকে ৬৫ বছর করা, স্বাস্থ্যসেবা সুরক্ষা আইন প্রণয়ন, উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের বিশেষ ভাতা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য ন্যায্য বেতন কাঠামো নির্ধারণের দাবিগুলো অযৌক্তিক নয়। এসব দাবি সরকারের বিবেচনায় থাকা উচিত।

স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বাস্থ্য খাতে দ্বিতীয় সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। ভবিষ্যতে স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।

এ ছাড়া দ্রুত ‘ই-হেলথ কার্ড’ চালু এবং প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সরকারের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সব চিকিৎসকের সহযোগিতা কামনা করে তারেক রহমান বলেন, এমন একটি চিকিৎসাবান্ধব বাংলাদেশ গড়ে তুলতে হবে, যেখানে দেশের প্রতিটি মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে এবং উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে যেতে হবে না।

চিকিৎসক সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ড্যাব সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা।

Facebook Comments Box

Posted ১২:২৪ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া