সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর-রায়পুরার মেঘনায় ফেরি চালুর উদ্যোগ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ৩১ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   37 বার পঠিত

নবীনগর-রায়পুরার মেঘনায় ফেরি চালুর উদ্যোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও নরসিংদীর রায়পুরার মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সরেজমিন পরিদর্শন ও কারিগরি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে এ উদ্যোগের কথা জানানো হয়েছে। গত ১৮ আগস্ট বিআইডব্লিউটিসির চেয়ারম্যান এ টি এম আবদুল বারী স্বাক্ষরিত চিঠিটি পাঠানো হয়।

চিঠি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙ্গা মৌজা ও নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের নিলক্ষ্যা মৌজার মধ্যবর্তী মেঘনা নদীতে ফেরি সার্ভিস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বিষয়টি জাতীয় সংসদেও উত্থাপন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের ধরাভাঙ্গা ও রায়পুরা এলাকার মধ্য দিয়ে মেঘনা নদীতে ফেরি চলাচলের ব্যবস্থা করার বিষয়ে নৌপরিবহন মন্ত্রীর কাছে প্রশ্ন করেন। এর পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উদ্যোগ নেয় নৌপরিবহন মন্ত্রণালয়।

বিআইডব্লিউটিসির চিঠিতে বলা হয়েছে, প্রস্তাবিত রুটে ফেরি সার্ভিস চালুর আগে সরেজমিন পরিদর্শন ও কারিগরি সম্ভাব্যতা যাচাই করতে হবে। এ জন্য বিআইডব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।

কমিটিটি সরেজমিন পরিদর্শনের পাশাপাশি প্রয়োজনীয় সমীক্ষা করবে। এরপর ফেরি চলাচলের উপযোগিতা ও অবকাঠামোগত প্রয়োজনীয়তা বিবেচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমাতে মেঘনার এই অংশে ফেরি সার্ভিস চালু হলে দুই জেলার মানুষের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে। তবে ফেরি চালুর আগে নদীর নাব্যতা, ঘাট নির্মাণের উপযোগিতা, সংযোগ সড়কের অবস্থা এবং অন্যান্য কারিগরি বিষয় যাচাই করা হবে।

এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের সদয় অবগতি ও পরবর্তী কার্যক্রমের জন্য বিআইডব্লিউটিসির চিঠিটি পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩২ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া