জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 156 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে বদনীভাঙ্গা মোড়ে পিকআপের চাপায় মোটরসাইকেল আরোহী হারুন অর রশিদ (৪০) নিহত হয়েছেন। এসময় মোটর সাইকেলের অপর আরোহী জাকির হোসেন গুরুতর আহত হন। এ দুর্ঘটনার ঘটনা ঘটেছে আজ ১৪ জুলাই সোমবার সকাল ১১টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে।
নিহত হারুন অর রশিদ উপজেলা সিমলাপাড়া গ্রামের মো. আহমদ আলীর ছেলে। আহত জাকির হোসেন (৪৫) শিমলাপাড়া গ্রামের মো. বারেকের ছেলে। তারা দু’জনই সিমলাপাড়া বাজারে ব্যবসা করতেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া হাটে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেলযোগে দু’জন শিমলাপাড়া বাজার থেকে রওনা দেন। তাদের বহনকারী মোটরসাইকেলটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের বদনীভাঙ্গা মোড় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ মোটরসাইকেলকে চাপা দেয়। এতে চালক হারুন ও আরোহী জাকির গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার আল-হেরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন। আহত জাকিরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনার পরপরই ঘাতক পিকআপ পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১:৫৬ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah