সঞ্জীব ভট্টাচার্য্য | শনিবার, ১১ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 232 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের দেড়শ বছর পূর্তিতে তিন দিনব্যাপি জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পরিবারের সদস্যসহ সাবেক দুই হাজারের বেশি শিক্ষার্থীর ওই অনুষ্ঠানে অংশগ্রহণের আশা করা হচ্ছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন অ্যালামনাই অব ব্রাহ্মণবাড়িয়া অন্নদা-এর স্টুডেন্ট সোসাইটি (আবেশ) এ অনুষ্ঠানের আয়োজন করছে।
আগামী ২৪, ২৫, ২৬ ডিসেম্বর বিদ্যালয় প্রাঙ্গণে দেড়শ’ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ২৪ ডিসেম্বর বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদেরকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তিনদিনই দিনভর নানা অনুষ্ঠান হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আজ ১১ অক্টোবর শনিবার দুপুরে এ বর্ষপূর্তি উদ্যাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আবেশ সভাপতি বিমানবাহিনীর সাবেক গ্রুপ ক্যাপ্টেন সাগীর আহমেদ।
লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, ১৮৭৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যালয়টি ব্রাহ্মণবাড়িয়াসহ সমগ্র জাতির শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রেখে চলেছে। দেড়শ বছরেরও বেশি সময় ধরে স্কুলটি দেশের রাজনীতি, শিক্ষা, সংস্কৃতি ও প্রশাসনের অসংখ্য কৃতি ব্যক্তিত্ব উপহার দিয়েছে।
উপস্থিত ছিলেন, সহ-সভাপতি ইমাম শাহীন, খায়রুল ইসলাম শামীম, মো. মুমিনুল হক, সাধারণ সম্পাদক জাহিদুল হক, অতিরিক্ত সাধারণ সম্পাদক ড. তৌফিকুল ইসলাম মিথিল, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজহার খান প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, ইতোমধ্যেই ১৯৭১ পরপর সময়ে এ বিদ্যালয় থেকে যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন তাদের কেউ কেউ রেজিস্ট্রেশন করেছেন। দুই হাজারের বেশি সাবেক শিক্ষার্থী এ আয়োজনে অংশ নেবেন বলে তারা আশা প্রকাশ করেন। ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিতর্ক উৎসব, কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করে জানানো হয়, তিনদিনের আয়োজনে বেশ বৈচিত্র্য থাকবে।
Posted ৩:১৪ অপরাহ্ণ | শনিবার, ১১ অক্টোবর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah