সোমবার ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে বাঞ্ছারামপুরে বিদ্যালয় ভবনে ফাটল, আতঙ্কে ক্লাস করছে শিক্ষার্থীরা

সঞ্জীব ভট্টাচার্য্য   |   রবিবার, ২৩ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   219 বার পঠিত

ভূমিকম্পে বাঞ্ছারামপুরে বিদ্যালয় ভবনে ফাটল, আতঙ্কে ক্লাস করছে শিক্ষার্থীরা

বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর সরকারি (উত্তর) প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে ভূমিকম্পে অন্তত ১৫-২০টি স্থানে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। ভবনের ছাদ, মেঝে, দেয়াল, বিম ও কলাম সর্বত্রই নতুন ফাটল সৃষ্টি হয়েছে।

সম্প্রতি ভূমিকম্পে ভবনের উত্তর-পশ্চিম দিকের অংশবিশেষ নিচে ভেঙে পড়ে। দক্ষিণাংশেও বড় বড় ফাটল দেখা গেছে। সিঁড়ির নিচের ছাদের প্লাস্টার খসে রড বের হয়ে গেছে। প্রাক-প্রাথমিক কক্ষের বিমেও ফাটল ধরা পড়েছে। এই অবস্থায় বিদ্যালয়ের ৩১২ শিক্ষার্থী চরম আতঙ্ক নিয়েই ক্লাস করছে। অভিভাবকরা দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করে পাঠদান চালানোর দাবি জানিয়েছেন। অনেক অভিভাবক ঝুঁকির কারণে সন্তানদের স্কুলে পাঠানো বন্ধ করেছেন, এতে উপস্থিতি কমে গেছে।

ঘটনার দুই দিন পর আজ ২৩ নভেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ. আজিজ বলেন, বিষয়টি আমি জানতাম না, আপনার কাছ থেকেই জানলাম। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেব। বিদ্যালয়টি প্রথম নির্মিত হয়েছিল ১৮৬৬ সালে এবং ১৯৯৯ সালে পুনর্নির্মাণ করা হয়।

২১ নভেম্বর শুক্রবার সকালের ভূমিকম্পের পর ভবনটি গুরুতর ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় আজ রবিবার থেকে শিক্ষার্থীদের নতুন ভবনে ক্লাস করানো হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বকুল আহমেদ।

তিনি বলেন, আবার ভূমিকম্প হলে বড় ঝুঁকি থাকবে। বাচ্চারা মানসিকভাবে খুব ভীত।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় দোতলার ছাদের পলেস্তারা নিচে পড়ে যায় এবং দেয়ালের অনেক জায়গায় ফাটলের সৃষ্টি হয়। দক্ষিণ অংশে বড় ফাটল দেখা দিয়েছে।

প্রতিটি কক্ষের ছাদের প্লাস্টার খসে পড়ে এবং বিমে ফাটল দেখা যায়। তাদের আশঙ্কা, যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। অভিভাবকদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বড় প্রতিষ্ঠান ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়েছে। বাহেরচর স্কুলেও অন্তত ২-৩ দিন ক্লাস বন্ধ রাখা যেতো।

৩য় শ্রেণির ছাত্রী মাহমুদা খানম জানায়, আজ স্কুলে এসে খুব ভয় পাচ্ছি। আবার যদি ভূমিকম্প হয়!

অভিভাবক হামিদ মিয়া বলেন, শুক্রবার বড় ধরনের দুর্ঘটনা থেকে আমাদের সন্তানরা অল্পের জন্য বেঁচে গেছে। ভবনটি দ্রুত পুনর্নির্মাণ করা জরুরি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ। ভূমিকম্পে ফাটল দেখা দিয়েছে। আমরা এলজিইডিকে বিষয়টি জানাবো। ভবনটি পাঠদানের উপযোগী নয়, বিকল্প স্থানে ক্লাস নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বলেন, ভূমিকম্পে বিদ্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ২:৪২ অপরাহ্ণ | রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া