জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 228 বার পঠিত
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ উপলক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ ২৪ ডিসেম্বর বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি এ. টি. এম. কামরুল ইসলাম।
এ. টি. এম. কামরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়েই শিক্ষার্থীরা ভবিষ্যতে যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর-ই-জান্নাত।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ। তিনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
বিদ্যালয়ের দাতা মো. নাজিম উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে পরীক্ষায় উত্তীর্ণ ও কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।
শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
Posted ৪:০৩ অপরাহ্ণ | বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah