জায়েদুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 221 বার পঠিত
গাজীপুর জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আব্দুল আউয়াল ডিগ্রি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক মোহাম্মদ হাবিবুর রহমান। জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে জেলা বাছাই কমিটি তাকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে (কলেজ ক্যাটাগরি) শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মনোনীত করে। এর আগে তিনি উপজেলা পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। আজ ১৪ জানুয়ারি বুধবার সকালে জেলা শিক্ষা অফিস সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন তালুকদারের স্বাক্ষরিত ফলাফল প্রকাশের পর বিজয়ীদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।
মোহাম্মদ হাবিবুর রহমান ২০১৪ সালে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। তিনি শ্রীপুর পৌরসভার গিলারচালা গ্রামের মোহাম্মদ আব্দুর রশিদের সন্তান।
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, জাতীয় শিক্ষা সপ্তাহ–২০২৬ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে আবেদন আহ্বান করা হয়। যাচাই-বাছাই শেষে মনোনীত বোর্ড উচ্চ মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমানকে নির্বাচন করে। নিয়মিত পাঠদানের পাশাপাশি সহশিক্ষামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন তিনি। তার এ সাফল্যে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনরা অভিনন্দন জানিয়েছেন।
এদিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে শ্রীপুরের আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ। একই সঙ্গে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম। শিক্ষার্থী ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিমথিয়া আক্তার। গত ৮ জানুয়ারি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পরপর এ সাফল্য অর্জন প্রসঙ্গে মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “স্বীকৃতি পেতে ভালোই লাগে। কর্মে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সময়ানুবর্তিতা থাকলে সফলতা আসে। একজন শিক্ষকের প্রধান দায়িত্ব হলো শিক্ষার্থীদের সামনে নিজেকে আদর্শ হিসেবে উপস্থাপন করা এবং তাদের জীবনগঠনে সচেতন ভূমিকা রাখা। এই দায়িত্ববোধ থেকেই আমি শিক্ষকতা পেশা উপভোগ করি। প্রতিষ্ঠান প্রধান, সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং পরিবার ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আজ এ পর্যন্ত আসতে পেরেছি। এই স্বীকৃতির মর্যাদা রক্ষা করে আগামীতেও গুণগত শিক্ষাদানে কাজ করে যেতে চাই।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “প্রতিবছরের মতো এবারও জাতীয় শিক্ষা সপ্তাহে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সার্বিক কার্যক্রম মূল্যায়নের মাধ্যমে ফলাফল ঘোষণা করা হয়েছে। যারা শ্রেষ্ঠ হয়েছেন তাদের অভিনন্দন। শিক্ষাবান্ধব পরিবেশ গঠনে সরকার নিরলসভাবে কাজ করছে, এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন।”
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুন তালুকদার বলেন, “এ ধরনের পুরস্কার শিক্ষকদের মনোবল বৃদ্ধি ও পাঠদানে আগ্রহী করে তোলে। শ্রেণিকক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতেই সরকার জাতীয় শিক্ষা সপ্তাহের উদ্যোগ নিয়েছে।”
Posted ৫:০৬ অপরাহ্ণ | বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah