সঞ্জীব ভট্টাচার্য্য | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 216 বার পঠিত
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই স্লোগানকে সামনে রেখে নাসিরনগরে উপজেলা পর্যায়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল গণসচেতনতা সৃষ্টি করা এবং শিক্ষার্থীদের সততা ও নৈতিক চর্চায় উদ্বুদ্ধ করা।
নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ২৮ জানুয়ারি বুধবার আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নাসিরনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূঁইয়া।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন।
বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তালেব আলী, একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন ও প্রভাষক রওশন আরা।
প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দল ছিল নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল এন্ড কলেজ। চূড়ান্ত পর্বের বিষয় ছিল: “আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার”।
প্রতিযোগিতায় নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন ওই বিদ্যালয়ের শিক্ষার্থী শাহা রিয়া ইসলাম ইকরা।
প্রধান অতিথি শাহীনা নাছরীন বলেন, “ভবিষ্যৎ প্রজন্ম যেন দুর্নীতির প্রভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই লক্ষ্যে শিক্ষার্থীদের এখন থেকেই দুর্নীতি বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করা প্রয়োজন। সকলের সচেতনতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব।”
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন।
Posted ৯:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah