সঞ্জীব ভট্টাচার্য্য | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 109 বার পঠিত
জামাই পিঠা, বউ সুন্দরী, পাতা নকশি, হৃদয়হরণ, মালাই রোল, কুমড়া পিঠা, চিতই, ফুল পিঠা, ঝিনুক পিঠা—এসব বাহারি পিঠার পসরা নিয়ে হাজির হয়েছিল শিক্ষার্থীরা। সঙ্গে ছিল ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত রসমালাই। এমন আয়োজনেই প্রাণবন্ত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা এই উৎসবে ষষ্ঠ থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্টল সাজিয়ে বাংলার চিরায়ত ঐতিহ্যকে ফুটিয়ে তোলে।
পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালক হারুন অর রশিদ। ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও পরিচালক শাহীন মৃধা এবং পরিচালক সিরাজুল ইসলাম (উভয়েই ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড কলেজ), এছাড়া আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক অভিজিৎ রায়।
উদ্বোধনী বক্তব্যে হারুন অর রশিদ বলেন, প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পার হলেও এবারই প্রথম এত বড় পরিসরে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে।
উৎসবে শিক্ষার্থীরা মোট আটটি স্টল বসায়। এসব স্টলে জাতীয় ও জেলাভিত্তিক ঐতিহ্যের সঙ্গে মিল রেখে শতাধিক প্রকারের পিঠা প্রদর্শিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে সরেজমিনে দেখা যায়, ক্ষুদে ও নবীন শিক্ষার্থীরা বর্ণিল সাজে উৎসবে মেতে উঠেছে।
স্টলগুলোতে সতীন পিঠা, জামাই পিঠা, সন্দেশ, নকশি পিঠা, নেভিকুলা, দুধ চিতই, পোয়া পিঠা, ছিটা রুটি, চিতল পিঠাসহ আরও নানা আয়োজন ছিল। এছাড়া পাপড়ি, ঝিনুক, পাকন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম সুন্দরী, বেণি, চন্দ্রপুলি ও চিংড়ি পিঠাও দর্শনার্থীদের নজর কাড়ে।
শিক্ষার্থী তামান্না আক্তার ও নাজিবা সুলতানা বলেন, ‘নানা জাতের পিঠা আমাদের ঐতিহ্যের অংশ। উৎসব শেষে কলেজ কর্তৃপক্ষ বিজয়ীদের পাশাপাশি প্রতিটি স্টলকে আর্থিক সহায়তা দিয়েছে, যা আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। অনেক সহপাঠী ও অতিথি আমাদের স্টল থেকে পিঠা কিনে খেয়েছেন এবং অনেকে বাড়িতেও নিয়ে গেছেন।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ রীনা বালা মল্লিক বলেন, ‘শিক্ষার্থীদের উৎসাহিত করতেই আমাদের এই পুরস্কার ও সহায়তা। প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পড়াশোনার বিকল্প নেই, তবে সৃজনশীল কাজও জরুরি।’
ইংরেজি প্রভাষক অভিজিৎ রায় বলেন, ‘শিক্ষার্থীরা দিনটিকে উৎসবের রঙে রাঙিয়ে দিয়েছে।’
আয়োজকরা জানান, একসময় শীত এলেই গ্রামবাংলার ঘরে ঘরে পিঠা তৈরির ধুম পড়ত। আধুনিকতার চাপে হারিয়ে যেতে বসা সেই চিরন্তন ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে।
Posted ৩:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah