শুক্রবার ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, রহস্য ঘনীভূত

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৯ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

মোটরসাইকেলে দুই তরুণের মাঝে ‘অচেতন’ তরুণী, রহস্য ঘনীভূত

রাজধানীর আব্দুল্লাহপুর-টঙ্গী সড়কে গভীর রাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে নিথর অবস্থায় নিয়ে যাওয়ার ঘটনায় রহস্য ঘনীভূত হচ্ছে। ঘটনাটি তদন্তে নেমে মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনে থাকা দুটি মোবাইল নম্বরই সন্দেহজনক বলে ধারণা করছে পুলিশ।

জানা গেছে, মোটরসাইকেলটির নম্বর প্লেটের তথ্য অনুযায়ী, এর মালিকের বাড়ি কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায়। রেজিস্ট্রেশনে দুটি মোবাইল নম্বর দেওয়া রয়েছে। এর একটি নম্বরের সঙ্গে এক শোরুম মালিকের পরিচয় পাওয়া গেছে। তবে ওই শোরুম মালিক দাবি করেছেন, মোটরসাইকেলটি তার শোরুম থেকে বিক্রি হয়নি। কীভাবে তার মোবাইল নম্বর রেজিস্ট্রেশনে ব্যবহার করা হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না।

অন্য নম্বরটি দীর্ঘদিন ধরে বন্ধ পাওয়া যাচ্ছে।

বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ৩টা ১৫ থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে আব্দুল্লাহপুর থেকে টঙ্গী সড়কে মোটরসাইকেলটিকে দেখা যায়। ওমরাহ শেষে বগুড়ায় ফেরার পথে মুফতি মনোয়ার হোসেন নামের এক ব্যক্তি মোটরসাইকেলটির পেছনে কিছুদূর অনুসরণ করেন।

তার দাবি, মোটরসাইকেলটিতে ছিলেন তিনজন। মাঝখানে থাকা তরুণীকে নিথর অবস্থায় দেখা যায় এবং পেছনে থাকা এক তরুণ তাকে জাপটে ধরে রেখেছিলেন। তরুণীর পায়ে কোনো জুতা ছিল না। দূর থেকে তাকে মৃত বলে মনে হচ্ছিল বলে জানান মনোয়ার।

ঘটনাটি দেখে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার চেষ্টা করলেও সংযোগ পাননি বলে দাবি করেন। পরে মোটরসাইকেলটির নম্বর প্লেটসহ একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এরপর পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়ে।

ঘটনাটি সামনে আসার পর টঙ্গী পুলিশ মোটরসাইকেলটির গতিবিধি ও আরোহীদের শনাক্ত করতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। একই সঙ্গে রেজিস্ট্রেশনে থাকা তথ্য যাচাই করা হচ্ছে।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টের মন্তব্যে ‘জারা চৌধুরী রাত্রি’ নামে একটি ফেসবুক আইডি থেকে দাবি করা হয়, তরুণীটি উত্তরার একটি বারে মদ্যপান করে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে তাকে হুইলচেয়ারে করে নিচে নামানো হয় এবং ওই ব্যক্তি তখন সেখানে ছিলেন বলেও দাবি করেন।

পরে ওই আইডি থেকে আরও দাবি করা হয়, তরুণীর পোশাক দেখে তাকে শনাক্ত করা হয়েছে এবং পরিচিত কয়েকজনকেও ছবি দেখিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে করা এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। পুলিশও এখন পর্যন্ত তরুণীর পরিচয় বা ওই দাবির সত্যতা নিশ্চিত করেনি।

এ ছাড়া মোটরসাইকেলটির রেজিস্ট্রেশনে থাকা মালিকের ঠিকানা ও পরিচয় নিয়েও অসংগতি থাকায় তার নাম-ঠিকানা প্রকাশ করা হয়নি।

এখন পর্যন্ত মোটরসাইকেলে থাকা দুই তরুণ ও ওই তরুণীর পরিচয় জানা যায়নি। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার এস এম শফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। মোটরসাইকেলের নম্বরের সূত্র ধরে সংশ্লিষ্টদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Facebook Comments Box

Posted ৭:০৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া