জায়দুল কবির ভাঙ্গী, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর : | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 34 বার পঠিত
স্পেনে অগ্নিকাণ্ডে নিহত ইউসুফ হাসান আলিফের (২৭) লাশ দেশে আনার পর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উত্তরগাঁও উত্তরপাড়া জামে মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে শুক্রবার সকাল ৬টা ৫৭ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আলিফের কফিনবন্দী লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে বেলা ১১টার দিকে লাশবাহী গাড়িতে করে কালীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের উত্তরগাঁও গ্রামের নিজ বাড়িতে তাঁর লাশ পৌঁছায়। এ সময় পরিবারে শোকের মাতম নেমে আসে।
আলিফ কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার আব্দুল মোতালিব ও রহিমা খাতুন দম্পতির ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে কয়েকটি দেশ ঘুরে গত জুনে স্পেনে যান আলিফ। গত ২৭ আগস্ট সেখানে বৈধভাবে কাজের সুযোগ পান তিনি। ৩০ আগস্ট রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এ সময় ঈদে বাড়ি ফেরার কথাও জানিয়েছিলেন। পরে দায়িত্ব শেষে ফোন দেওয়ার কথা থাকলেও আর ফোন করেননি তিনি। পরদিন সকালে স্বজনদের কাছ থেকে তাঁর মৃত্যুর খবর পায় পরিবার।
গত ৩০ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৭ মিনিটে স্পেনের রাজধানী মাদ্রিদের আরগানসোয়েলা জেলার মেট্রো পালোস দে লা ফ্রন্তেরা এলাকার কাইয়ে ক্যানারিয়াস সড়কের একটি বাইসাইকেল গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সেখানে আগুনে আটকা পড়ে আলিফ সহকর্মীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাহায্যের জন্য বার্তা পাঠিয়েছিলেন। তাঁর শেষ বার্তা ছিল, ‘আমাদের বাঁচান ভাই, দম বন্ধ হয়ে আসছে।’ পরে আগুনে তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার জানায়, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় কাগজপত্রের কারণে আলিফের লাশ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। গত ৪ সেপ্টেম্বর মাদ্রিদের একটি জামে মসজিদে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
পরে আইনি প্রক্রিয়া শেষে ১০ সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে আলিফের কফিনবন্দী লাশ মাদ্রিদ থেকে ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়। সেখান থেকে সংযোগকারী আরেকটি ফ্লাইটে লাশ বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়।
আলিফের লাশ দেশে পৌঁছানোর খবর পেয়ে স্বজন ও স্থানীয় লোকজন তাঁর বাড়িতে ভিড় করেন। শেষবারের মতো তাঁকে দেখতে এবং দাফনের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। শুক্রবার জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah