সঞ্জীব ভট্টাচার্য্য : | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে জেলা প্রশাসন ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং দুজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে হাসপাতালের জরুরি ও বহির্বিভাগে এ অভিযান চালানো হয়।
অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও এসআরবির সদস্যরা হাসপাতালে অভিযান পরিচালনা করেন। এ সময় অন্তর মিয়া, জালাল মিয়া, মামুন মিয়া, নার্গিস আক্তার, সাব্বির মিয়া, তাইফ ইসলাম ও শিপন মিয়াকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত শিপন মিয়াকে দুই হাজার টাকা এবং নার্গিস আক্তারকে তিন হাজার টাকা জরিমানা করেন। আটক অপর পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এসআরবি-৯-এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের কমান্ডার মো. নূরনবী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। হাসপাতালকেন্দ্রিক দালালচক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, এসব দালালকে যারা মদদ দিচ্ছেন, তাঁদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Posted ১২:৪৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah