অনলাইন ডেস্ক | বুধবার, ২১ আগস্ট ২০২৪ | প্রিন্ট | 191 বার পঠিত
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে চেচনিয়ার সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুতি দেখতে আকস্মিক চেচনিয়া সফরে যান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরকালে তার সাথে ছিলেন চেচেন নেতা রমজান কাদিরভ।
গতকাল ২০ আগস্ট মঙ্গলবার পূর্ব ঘোষণা ছাড়াই ১৩ বছরে প্রথমবার দেশটিতে সফর করেন তিনি। মুসলিম অধ্যুষিত অঞ্চল চেচনিয়া রাশিয়ার অংশ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের ওয়েবসাইটে পুতিনের এই সফর নিয়ে খবর প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়, পুতিন রাশিয়ান স্পেশাল ফোর্সেস ইউনিভার্সিটি প্রাঙ্গণে সেনাদের সঙ্গে কথা বলেন। পুতিন বলেন, ‘যতো দিন পর্যন্ত আমাদের কাছে আপনাদের মতো মানুষ আছে, আমরা অবশ্যই, অবশ্যই অজেয়।’
তিনি আরো বলেন, ‘এখানে নিরাপদ পরিবেশে বন্দুক চালনা করা আর যুদ্ধক্ষেত্রে নিজের স্বাস্থ্য ও জীবন বিপন্ন করা কখনোই এক কথা নয়। কিন্ত তোমাদের অন্তরে পিতৃভূমিকে রক্ষা করার একটা তাড়না আছে। আর আছে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার সাহস।’
রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেনের হামলা চলমান থাকার মধ্যেই তিনি এই সফর করলেন।
দুই সপ্তাহ আগে ইউক্রেনের সেনারা রাশিয়ার ভেতর ঢুকে পড়ে এবং সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে অভিযান শুরু করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই এখন রাশিয়ায় বিদেশি সেনাদের আক্রমণের সবচেয়ে বড় ঘটনা। মস্কো এখন কুরস্ক থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দিতে সেখানে শক্তি বাড়াচ্ছে।
Posted ৯:১৯ পূর্বাহ্ণ | বুধবার, ২১ আগস্ট ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah