আরিফুর রহমান আরিফ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 220 বার পঠিত
২০২৪ সালকে আমরা পেছনে ফেলে এসেছি। শুভ-সুন্দরের প্রত্যাশায় বরণ করে নিচ্ছি আরেকটি নতুন বছর ২০২৫-কে। জীর্ণ পুরাতনকে পেছনে ফেলে মানুষ এগিয়ে যায়। প্রত্যাশা থাকে সুন্দর ভবিষ্যতের। সেই প্রত্যাশা আমাদের সবার।
বিশেষ করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এমন পর্যায়ে পৌঁছায়, যা স্বল্প আয়ের মানুষ তো বটেই, মধ্যবিত্তদেরও রীতিমতো হিমশিম খেতে হয়েছে। চাল, ভোজ্য তেল, মাছ, মাংস, আলু, পেঁয়াজ ও রসুনসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে ছিল না। খাদ্যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার নানা পদক্ষেপ নিলেও তা খুব বেশি কার্যকর হয়নি। গত পাঁচ দশকের মধ্যে ২০২৪ সালে সবচেয়ে বেশি প্রাকৃতিক দুর্যোগ দেখেছে বাংলাদেশ।
শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ, বন্যা, নদীভাঙন, ঘূর্ণিঝড় সবই দেখেছে দেশের মানুষ। ‘বিশ্ব ঝুঁকি প্রতিবেদন ২০২৪’ অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশের ৪৬ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৪৮ শতাংশ মানুষ পরিস্থিতির সাথে খাপ খাওয়াতে সক্ষম হয়নি। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত বছর বাংলাদেশে পাঁচবারের বন্যায় প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে দুর্যোগের সংখ্যা ও তীব্রতা ক্রমেই বাড়ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের কৃষি খাত।
২০২৪ সালে দেশের স্বাস্থ্য খাত ছিলো গতানুগতিক। চোখে পড়ার মতো কোনো অগ্রগতি হয়নি।
২০২৪ সালে গুমের বিষয়টি ছিল সবচেয়ে আলোচিত। গত ২৯ আগস্ট গুমবিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে ঘটা গুমের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গত ২৭ আগস্ট গুম কমিশন গঠন করা হয়।
খেলাধুলার অঙ্গনে অনেক পরিবর্তন হয়েছে ২০২৪ সালে। বাংলাদেশের ক্রিকেটে পালাবদল ঘটেছে। ২০২৪ সাল ছিল বাংলাদেশের সবচেয়ে সফল একটি বছর। ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে ২৪ ম্যাচে ১২টি জয় এসেছে। পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, অনূর্ধ্ব-১৯ দলের টানা দ্বিতীয় এশিয়া কাপ জয়—সব মিলিয়ে বছরের প্রতিটি অধ্যায় ছিল আলোচনায়। বাংলাদেশের ক্রিকেটের যতো বড় বড় সাফল্য তার বেশির ভাগ এসেছে অনূর্ধ্ব-১৯ দলের হাত ধরে। ২০২০ সালে বিশ্বকাপ জয়ের পর ২০২৩ সালে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতেছিল যুবা টাইগাররা। সাফল্যের সেই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে তারা।
ফুটবলে মেয়েদের সাফের মুকুট ধরে রাখে বাংলাদেশ। টুর্ণামেন্টের সেরা গোলকিপার হন রূপনা চাকমা, সেরা খেলোয়াড় ঋতুপর্ণা। সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। পুরুষ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ।
২০২৪ সালে নানা ক্ষেত্রে বাংলাদেশ যথেষ্ট উন্নতি করেছে। আমরা আশা করি, নতুন বছরে নতুনভাবে শুরু হবে আমাদের পথচলা। বছরের প্রথম দিনে সব মানুষের আজ একটাই প্রত্যাশা-শুভ হোক, সুন্দর হোক নতুন বছর। স্বাগত ২০২৫। নতুন বছরে দেশ দ্রুত এগিয়ে যাক। শান্তি আসুক পৃথিবীতে। জয় হোক মানবতার। আমাদের পাঠক, গ্রাহক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ীদের নতুন বছরের শুভেচ্ছা।
Posted ৩:৫৬ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah